ইউক্রেনের ৯০২টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে বুধবার (১৪ অক্টোবর) এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। রুশ কর্তৃপক্ষের দাবি, মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত প্রায় ১২ ঘণ্টায় রাশিয়ার বিভিন্ন অঞ্চল, অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপ এবং আজভ সাগরের আকাশে এসব ড্রোন প্রতিহত করা হয়।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মস্কো অঞ্চলসহ দেশটির বিভিন্ন এলাকায় আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় ছিল। তবে বিপুলসংখ্যক ড্রোন ভূপাতিত করার এ দাবি স্বাধীনভাবে সম্পূর্ণ যাচাই করা সম্ভব হয়নি।
মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানিয়েছেন, রাজধানী মস্কো অঞ্চলের দিকে আসা ১৮০টি ড্রোন প্রতিহত করা হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, রাজধানীকে লক্ষ্য করে চালানো সাম্প্রতিক হামলাগুলোর মধ্যে এটি অন্যতম বড় ঘটনা।
এ ছাড়া মস্কো অঞ্চলের দিকে মোট ৪৯৩টি ড্রোন এগিয়ে এসেছিল বলে এপি জানিয়েছে। তবে এসব ড্রোনের সবকটি সরাসরি রাজধানীতে পৌঁছেছিল—এমন তথ্য পাওয়া যায়নি। রুশ কর্তৃপক্ষের দাবি, আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে অধিকাংশ ড্রোন লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই প্রতিহত করা হয়েছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যে মস্কো অঞ্চল ছাড়াও বেলগোরোদ, ব্রিয়ানস্ক, রোস্তভ, ভলগোগ্রাদ, ভোরোনেজ, সারাতভ, তুলা, স্মোলেনস্কসহ একাধিক অঞ্চলের নাম উল্লেখ করা হয়েছে। ক্রাসনোদার ও স্তাভরোপোল অঞ্চল এবং ক্রিমিয়া উপদ্বীপের আকাশেও ড্রোন প্রতিহতের দাবি করেছে মস্কো।
অন্যদিকে, সারাতভ অঞ্চলে ড্রোন হামলার ঘটনায় একজন নিহত হয়েছেন এবং কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয় গভর্নর জানিয়েছেন। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত ব্যাংক সবারব্যাংকও সারাতভে তাদের একটি ডেটা সেন্টারে হামলার বিষয়টি নিশ্চিত করেছে। তবে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধে ড্রোন হামলা গুরুত্বপূর্ণ সামরিক কৌশলে পরিণত হয়েছে। ইউক্রেন রাশিয়ার জ্বালানি অবকাঠামো, তেল শোধনাগার ও সামরিক সরবরাহব্যবস্থাকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। অন্যদিকে, রাশিয়া ইউক্রেনের বিভিন্ন শহর, জ্বালানি স্থাপনা ও বিদ্যুৎ অবকাঠামোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে।
আরও পড়ুন:







