News Ticker
221.png

৭০ নারীকে ধর্ষণ-নির্যাতন, যৌন পাচারের মামলায় তিন ভাইয়ের যাবজ্জীবন চায় রাষ্ট্রপক্ষ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৫ অক্টোবর, ২০২৬ ১১:৪৫

শেয়ার

শেয়ার

৭০ নারীকে ধর্ষণ-নির্যাতন, যৌন পাচারের মামলায় তিন ভাইয়ের যাবজ্জীবন চায় রাষ্ট্রপক্ষ
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে অন্তত ৭০ নারীকে ধর্ষণ ও যৌন নির্যাতনের ঘটনায় দোষী সাব্যস্ত তিন ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড চেয়েছে রাষ্ট্রপক্ষ। আলোচিত এ মামলায় অভিযুক্ত তিন ভাই হলেন ওরেন আলেকজান্ডার, অ্যালন আলেকজান্ডার ও তাল আলেকজান্ডার। তাঁরা যুক্তরাষ্ট্রের বিলাসবহুল আবাসন খাতের পরিচিত ব্যবসায়ী ছিলেন।

বুধবার (১৪ অক্টোবর) নিউইয়র্কের আদালতে দাখিল করা আবেদনে ফেডারেল প্রসিকিউটররা তিন ভাইয়ের কঠোর শাস্তির পক্ষে যুক্তি তুলে ধরেন। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবীরা প্রত্যেকের জন্য ১৫ বছরের কারাদণ্ডের সুপারিশ করেছেন। আগামী ২৭ অক্টোবর তাঁদের সাজা ঘোষণার তারিখ নির্ধারিত রয়েছে। 

রাষ্ট্রপক্ষের তথ্য অনুযায়ী, তিন ভাইয়ের বিরুদ্ধে অন্তত ৭০ নারীকে ধর্ষণ বা যৌন নির্যাতনের অভিযোগ শনাক্ত করা হয়েছে। অভিযোগের সূত্রপাত ২০০১ বা ২০০২ সালের দিকে, যখন তাঁরা স্কুলে পড়তেন। পরবর্তী সময়ে বিলাসবহুল ভ্রমণ, এক্সক্লুসিভ পার্টি ও আকর্ষণীয় আয়োজনের কথা বলে নারীদের বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে মাদক প্রয়োগ এবং যৌন নির্যাতনের একটি ধারাবাহিক পদ্ধতি গড়ে তোলার অভিযোগ ওঠে।

মামলার বিচার চলাকালে ১১ নারী সাক্ষ্য দেন। তাঁদের অনেকেই আদালতে জানান, অভিযুক্ত ভাইদের একজনের কাছ থেকে পানীয় গ্রহণের পর তাঁরা দিশাহারা হয়ে পড়েন এবং নিজেদের শরীরের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপর তাঁদের ধর্ষণ বা যৌন নির্যাতন করা হয় বলে সাক্ষ্যে উঠে আসে।

রাষ্ট্রপক্ষের ভাষ্য অনুযায়ী, এসব ঘটনা বিচ্ছিন্ন কোনো অপরাধ ছিল না; বরং দীর্ঘ সময় ধরে একই ধরনের আচরণের পুনরাবৃত্তি ঘটেছে। এ কারণে আসামিদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির আবেদন করা হয়েছে। 

২০২৬ সালের ৯ মার্চ নিউইয়র্কের ম্যানহাটনের ফেডারেল আদালতে পাঁচ সপ্তাহের বিচার শেষে তিন ভাইকে তাঁদের বিরুদ্ধে আনা বিভিন্ন ফেডারেল অপরাধের অভিযোগে দোষী সাব্যস্ত করে জুরি বোর্ড। এর মধ্যে যৌন পাচারের ষড়যন্ত্র, যৌন পাচার এবং অন্যান্য যৌন অপরাধ অন্তর্ভুক্ত ছিল।

ওরেন ও তাল আলেকজান্ডার বিলাসবহুল আবাসন বিক্রির জন্য পরিচিত ছিলেন। তাঁদের ভাই অ্যালন আলেকজান্ডার পরিবারের বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন। একসময় সম্পদ, প্রভাব ও তারকাদের সঙ্গে যোগাযোগের কারণে পরিচিত এই তিন ভাইয়ের বিরুদ্ধে মামলাটি যুক্তরাষ্ট্রে ব্যাপক আলোচনার জন্ম দেয়। 

যুক্তরাষ্ট্রের প্রবেশন দপ্তর প্রত্যেক ভুক্তভোগীর ক্ষেত্রে ১৫ বছর করে কারাদণ্ডের সুপারিশ করেছে। সেই হিসাবে অ্যালন ও তাল আলেকজান্ডারের জন্য ১৮০ বছর করে এবং ওরেন আলেকজান্ডারের জন্য ১৯৫ বছরের কারাদণ্ডের সুপারিশ উঠে এসেছে।

রাষ্ট্রপক্ষের আবেদনে এসব সুপারিশের পাশাপাশি অপরাধের দীর্ঘমেয়াদি ধরন এবং ভুক্তভোগীদের ওপর এর প্রভাব তুলে ধরা হয়েছে। তবে চূড়ান্ত সাজা নির্ধারণ করবেন আদালতের বিচারক। 

আসামিপক্ষের আইনজীবীরা তাঁদের মক্কেলদের বিরুদ্ধে আনা অভিযোগের সমালোচনা করেছেন। তাঁদের দাবি, বিচারে গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে উপস্থাপিত প্রমাণ দুর্বল ছিল এবং বিচারকের কিছু সিদ্ধান্তের কারণে আসামিরা পক্ষপাতের শিকার হয়েছেন। তাঁরা রায়ের বিরুদ্ধে আপিল করার বিষয়েও আশাবাদ প্রকাশ করেছেন।

আইনজীবীরা আরও জানিয়েছেন, তিন ভাই নিজেদের নির্দোষ বলে দাবি করছেন। ফলে রাষ্ট্রপক্ষের কঠোর শাস্তির আবেদন এবং আসামিপক্ষের তুলনামূলক কম সাজা চাওয়ার মধ্যে আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা তৈরি হয়েছে। 

আগামী ২৭ অক্টোবর নিউইয়র্কের আদালতে তিন ভাইয়ের সাজা ঘোষণা করার কথা রয়েছে।

ChannelNRB Footer