News Ticker
221.png

মসজিদে ‘অনৈতিক কাজ’, মক্কায় দুই বাংলাদেশির শিরশ্ছেদ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৫ অক্টোবর, ২০২৬ ২১:৫৬

শেয়ার

শেয়ার

মসজিদে ‘অনৈতিক কাজ’, মক্কায় দুই বাংলাদেশির শিরশ্ছেদ
ছবি: সংগৃহীত

সৌদি আরবের পবিত্র নগরী মক্কার একটি মসজিদে ‘অনৈতিক কাজ’ এবং মসজিদের পবিত্রতা ও মর্যাদা লঙ্ঘনের অভিযোগে দোষী সাব্যস্ত দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ। বুধবার (১৪ অক্টোবর) মক্কা অঞ্চলে তাঁদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে।

মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি হলেন নাজেরুল ইসলাম আবদুল বাসির ও সিতি আখতার। সৌদি সংবাদমাধ্যম আজেলের প্রতিবেদন অনুযায়ী, মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাঁদের আটক করা হয়েছিল। পরে তদন্ত শেষে তাঁদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, দেশটির নিরাপত্তা কর্তৃপক্ষ ওই দুই বাংলাদেশিকে আটক করার পর তাঁদের বিরুদ্ধে তদন্ত পরিচালনা করে। তদন্তের ভিত্তিতে মামলাটি সংশ্লিষ্ট আদালতে পাঠানো হয়।

বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়েছে বলে সিদ্ধান্ত দেন এবং মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন। মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, অপরাধের গুরুতরতা এবং সময় ও স্থানের পবিত্রতা লঙ্ঘনের বিষয়টি বিবেচনায় নিয়ে এ সাজা দেওয়া হয়।

সৌদি আইনে ‘তা’জির’ হিসেবে উল্লেখিত বিবেচনামূলক শাস্তির আওতায় তাঁদের মৃত্যুদণ্ড দেওয়া হয় বলে প্রতিবেদনে জানানো হয়েছে। পরবর্তী সময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রায় বহাল রাখে এবং দণ্ড কার্যকরের জন্য রাজকীয় আদেশ জারি করা হয়।

মক্কার মসজিদে ঠিক কী ধরনের কর্মকাণ্ডের অভিযোগে ওই দুই বাংলাদেশিকে দোষী সাব্যস্ত করা হয়েছে, সে বিষয়ে সৌদি কর্তৃপক্ষের প্রকাশিত বিবৃতিতে বিস্তারিত জানানো হয়নি। কোন মসজিদে ঘটনাটি ঘটেছে, সেটিও প্রকাশ করা হয়নি।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মসজিদের পবিত্রতা লঙ্ঘন এবং এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দেশটির আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে নিরাপত্তা নিশ্চিত করা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং ইসলামি আইন প্রয়োগের বিষয়ে সরকারের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করা হয়েছে।

ChannelNRB Footer