News Ticker
221.png

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ৩৫ জনের মৃত্যু, নিহতদের অধিকাংশই শিশু

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৫ অক্টোবর, ২০২৬ ২১:৫৮

শেয়ার

শেয়ার

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ৩৫ জনের মৃত্যু, নিহতদের অধিকাংশই শিশু
ছবি: সংগৃহীত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারে একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে। নিহতদের অধিকাংশই শিশু। এ ঘটনায় আহত হয়েছেন আরও অর্ধশতাধিক মানুষ। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পেশোয়ারের দির কলোনি এলাকায় অবস্থিত আল-খায়ের এডুকেশন সেন্টারে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।

প্রতিবেদন অনুযায়ী, স্কুলে পাঠদান চলাকালে ভবনের ওপরের তলার ছাদ ধসে নিচের তলার ছাদের ওপর পড়ে। এতে নিচের তলার দুটি শ্রেণিকক্ষ ক্ষতিগ্রস্ত হয় এবং সেখানে থাকা শিক্ষার্থীরা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে।

দুর্ঘটনার সময় দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে অবস্থান করছিল। নিহত শিশুদের অধিকাংশের বয়স ১৩ বছরের নিচে। হাসপাতাল সূত্রের বরাতে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, নিহতদের মধ্যে একজন নারী শিক্ষকও রয়েছেন।

দুর্ঘটনার খবর পেয়ে পাকিস্তানের জরুরি উদ্ধারকারী সংস্থা রেসকিউ ১১২২-এর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। তাঁদের সঙ্গে স্থানীয় বাসিন্দারাও উদ্ধারকাজে অংশ নেন। ধ্বংসস্তূপ সরিয়ে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়।

পেশোয়ারের লেডি রিডিং হাসপাতাল আহতদের চিকিৎসা দিতে জরুরি ব্যবস্থা গ্রহণ করে। এ ঘটনায় আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।

দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে ভবনের দুর্বল কাঠামো এবং নির্মাণসংক্রান্ত নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় বেসরকারি স্কুলটির মালিককে গ্রেপ্তার করা হয়েছে। ভবন নির্মাণে নিরাপত্তাবিধি মানা হয়েছিল কি না এবং কাঠামোগত ত্রুটি দুর্ঘটনার কারণ কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

ChannelNRB Footer