ফ্রান্সে চ্যানেল টানেলের প্রবেশমুখে একটি ট্রেনের সঙ্গে মিনিবাসের সংঘর্ষে অন্তত ১৯ জন আহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় দেশটির উত্তরাঞ্চলের কালে শহরের কাছে কোকেল এলাকায় ইউরোটানেল টার্মিনালে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হলেও কারও জীবনহানির আশঙ্কা নেই বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, ট্রাকে করে পণ্য পরিবহনের কাজে নিয়োজিত চালকদের বহনকারী একটি মিনিবাস চ্যানেল টানেলের দিকে যাচ্ছিল। এ সময় বাসটি নিজের চলার পথ থেকে সরে গিয়ে যানবাহন পরিবহনের জন্য ব্যবহৃত ‘লে শাটল’ ট্রেনের গায়ে ধাক্কা দেয়।
দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে। সংঘর্ষের পরপরই ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, পুলিশ, চিকিৎসাকর্মী ও জরুরি উদ্ধারকারী দল পাঠানো হয়।
স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে সংবাদমাধ্যম জানিয়েছে, দুর্ঘটনায় মিনিবাসের চালকসহ মোট ১৯ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজন গুরুতর আহত হওয়ায় হেলিকপ্টারে করে লিল শহরের হাসপাতালে নেওয়া হয়। অন্য আহতদেরও বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের কারও জীবনহানির আশঙ্কা নেই। দুর্ঘটনায় ট্রেনে থাকা কেউ আহত হয়েছেন বলে খবর পাওয়া যায়নি।
দুর্ঘটনার পর চ্যানেল টানেলের যানবাহন পরিবহনকারী শাটল ট্রেনের চলাচল প্রায় ৯০ মিনিটের জন্য বন্ধ রাখা হয়। উদ্ধারকাজ ও দুর্ঘটনাস্থল নিরাপদ করার পর ধীরে ধীরে পরিষেবা পুনরায় চালু করা হয়।
তবে ইউরোস্টার যাত্রীবাহী ট্রেন এবং পণ্যবাহী ট্রেনের চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটেনি বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
কী কারণে মিনিবাসটি নিজের চলার পথ থেকে সরে গিয়ে ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়েছে, তা এখনো স্পষ্ট নয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, চ্যানেল টানেলের যানবাহন ওঠানামার প্ল্যাটফর্মে এ ধরনের দুর্ঘটনা এই প্রথম ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
১৯৯৪ সালে চালু হওয়া চ্যানেল টানেলটি ফ্রান্স ও যুক্তরাজ্যকে সংযুক্ত করেছে। প্রতিদিন বিপুলসংখ্যক যাত্রী, গাড়ি ও পণ্য এ পথ দিয়ে দুই দেশের মধ্যে যাতায়াত করে। ফলে গুরুত্বপূর্ণ এই পরিবহনকেন্দ্রে দুর্ঘটনাটি নিরাপত্তাব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করেছে।
আরও পড়ুন:







