News Ticker
221.png

দাবানলে পুড়ছে ইন্দোনেশিয়া, আগুন নেভাতে গিয়ে নিহত ৪

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬ অক্টোবর, ২০২৬ ১৮:১১

শেয়ার

শেয়ার

দাবানলে পুড়ছে ইন্দোনেশিয়া, আগুন নেভাতে গিয়ে নিহত ৪
ছবি: সংগৃহীত

ভয়াবহ দাবানলে বিপর্যস্ত ইন্দোনেশিয়া। দেশটির জাভা দ্বীপের পূর্বাঞ্চলে অবস্থিত মাউন্ট ব্রোমো এলাকার বনাঞ্চলে আগুন নেভানোর সময় প্রাণ হারিয়েছেন চারজন। এ ঘটনায় গুরুতর দগ্ধ হয়েছেন আরও দুজন। কয়েক মাস ধরে চলা দাবানলে বিস্তীর্ণ বনভূমি পুড়ে যাওয়ার পাশাপাশি প্রতিবেশী দেশগুলোতেও ছড়িয়ে পড়েছে ঘন ধোঁয়া।

শুক্রবার (১৬ অক্টোবর) ইন্দোনেশিয়ার বন মন্ত্রণালয় ও স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

স্থানীয় কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পূর্ব জাভার প্রোবোলিঙ্গো অঞ্চলে অবস্থিত ব্রোমো টেঙ্গার সেমেরু জাতীয় উদ্যানের মেনতিজেন ও পুসুং লিংকের এলাকায় আগুন নেভানোর কাজ করছিলেন ১২ সদস্যের একটি দল।

দলটিতে জাতীয় উদ্যানের কর্মী, স্থানীয় অগ্নিনির্বাপণ দলের সদস্য এবং স্বেচ্ছাসেবকেরা ছিলেন। এ সময় প্রবল বাতাসে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ঘন ধোঁয়া ও আগুনের মধ্যে আটকে যান দলের কয়েকজন সদস্য।

পুলিশের মুখপাত্র জুলেস আব্রাহাম আবাস্ত জানান, বিপদে পড়া সহকর্মীরা দুপুর প্রায় দেড়টার দিকে জরুরি বার্তা পাঠান। পরে উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে মৃত অবস্থায় পান। গুরুতর দগ্ধ আরও তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে তাঁদের মধ্যে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নিহতদের মধ্যে জাতীয় উদ্যানের দুই কর্মী এবং কাছাকাছি একটি হোটেলের দুই কর্মী রয়েছেন। বাকি দুই আহত ব্যক্তি গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

কর্মকর্তারা জানিয়েছেন, দীর্ঘদিনের শুষ্ক আবহাওয়া, শুকনো গাছপালা এবং প্রবল বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে। দুর্গম পাহাড়ি এলাকায় উদ্ধারকাজও বাধাগ্রস্ত হচ্ছে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, আগুন নেভানোর কাজে যুক্ত দলটি নির্ধারিত নিরাপদ এলাকার বাইরে কাজ করছিল। কিন্তু বাতাসের দিক দ্রুত পরিবর্তিত হওয়ায় আগুন ছড়িয়ে পড়ে এবং কয়েকজন কর্মী আটকা পড়েন।

ঘটনায় কোনো ধরনের অবহেলা বা অপরাধমূলক কর্মকাণ্ড ছিল কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

ব্রোমো টেঙ্গার সেমেরু জাতীয় উদ্যান ইন্দোনেশিয়ার গুরুত্বপূর্ণ প্রাকৃতিক ও পর্যটন এলাকা। আগ্নেয়গিরি, পাহাড়ি তৃণভূমি এবং জীববৈচিত্র্যের জন্য পরিচিত এ অঞ্চলে আগেও দাবানল হয়েছে।

চলতি বছরের আগস্টে উদ্যানটির প্রায় ৯ বর্গকিলোমিটার তৃণভূমি ও উদ্ভিদ আচ্ছাদিত এলাকা আগুনে পুড়ে যায়। এবারের দাবানল নতুন করে বনাঞ্চল ও পরিবেশের ক্ষয়ক্ষতির আশঙ্কা বাড়িয়েছে।

ইন্দোনেশিয়ায় চলমান দাবানলের প্রভাব এখন আর দেশটির সীমানার মধ্যে সীমাবদ্ধ নেই। সুমাত্রা ও বোর্নিও দ্বীপের বিভিন্ন এলাকায় আগুনের কারণে সৃষ্ট ধোঁয়া মালয়েশিয়া, সিঙ্গাপুর ও পূর্ব তিমুরসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

ধোঁয়ার কারণে বায়ুর মান খারাপ হওয়ায় মালয়েশিয়ার কয়েকটি রাজ্যে শুক্রবার শত শত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। সিঙ্গাপুরেও বায়ুদূষণ ও জনস্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়ছে।

বিশেষজ্ঞদের মতে, দীর্ঘস্থায়ী খরা, এল নিনোর প্রভাব এবং বনভূমি পরিষ্কারে আগুন ব্যবহারের মতো কর্মকাণ্ড দাবানলের ঝুঁকি বাড়িয়ে তুলছে। বিশেষ করে পিটভূমিতে আগুন মাটির নিচে দীর্ঘ সময় জ্বলতে পারে এবং পরে আবার ছড়িয়ে পড়তে পারে।

ChannelNRB Footer