মিসরে যাত্রীবাহী বাস ও ভারী পণ্যবাহী ট্রাকের ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৪ জন। মঙ্গলবার (২০ অক্টোবর) রাজধানী কায়রোর পশ্চিমাঞ্চলে কায়রো-আসিউত পশ্চিম মরুভূমির মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রতিবেদন অনুযায়ী, কায়রো-আসিউত পশ্চিম মরুভূমির মহাসড়কে চলাচলের সময় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ভারী ট্রাকের সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় বাসটির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার পর মহাসড়কজুড়ে বাসের ভাঙা অংশ, যাত্রীদের আসন ও বিভিন্ন ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও জরুরি উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। উদ্ধারকাজ পরিচালনা এবং ক্ষতিগ্রস্ত বাস সরিয়ে নিতে ভারী ক্রেন ব্যবহার করা হয়।
দুর্ঘটনায় আহত ৩৪ জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁরা চিকিৎসাধীন রয়েছেন বলে স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে। আহতদের চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট হাসপাতাল ও জরুরি সেবাদানকারী সংস্থাগুলো কাজ করছে।
এ ঘটনায় ঠিক কী কারণে বাস ও ট্রাকের সংঘর্ষ হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।
মিসরে সড়ক দুর্ঘটনা দেশটির সড়ক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
আরও পড়ুন:







