জর্ডানের দক্ষিণাঞ্চলীয় কারাক গভর্নরেটের একটি গির্জায় বন্দুকধারীদের গুলিতে অন্তত সাতজন নিহত হয়েছেন বলে প্রাথমিক প্রতিবেদনে জানানো হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) একটি অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানে এ হামলার ঘটনা ঘটে। এতে আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। হামলার পরপরই ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয় এবং সন্দেহভাজন হামলাকারীদের ধরতে অভিযান শুরু হয়।
প্রতিবেদন অনুযায়ী, কারাক গভর্নরেটের হামুদ (Hamoud) গির্জায় এ হামলার ঘটনা ঘটে। সেখানে একটি অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানে অংশ নিতে বহু মানুষ জড়ো হয়েছিলেন। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, একটি গাড়িতে করে আসা দুই বন্দুকধারী গির্জার বাইরে ও আশপাশে উপস্থিত লোকজনকে লক্ষ্য করে গুলি চালায়।
একজন প্রত্যক্ষদর্শী জানান, হামলাকারীরা কয়েক মিনিট ধরে গুলি চালানোর পর ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাঁদের একজনের হাতে রাইফেল এবং অন্যজনের হাতে পিস্তল ছিল বলে প্রত্যক্ষদর্শীর বর্ণনায় উঠে এসেছে।
জর্ডানের রাষ্ট্রীয় টেলিভিশন আল-মামলাকার প্রাথমিক প্রতিবেদনে অন্তত সাতজন নিহত এবং প্রায় ১০ জন আহত হওয়ার কথা জানানো হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে উল্লেখ করা হয়েছে।
জর্ডানের জননিরাপত্তা অধিদপ্তর জানিয়েছে, কারাক গভর্নরেটের একটি গির্জায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা গুলি চালিয়েছে। এতে প্রাণহানি ও আহত হওয়ার ঘটনা ঘটেছে। নিরাপত্তা বাহিনী সন্দেহভাজনদের শনাক্ত ও আটক করতে কাজ করছে।
সরকারি যোগাযোগবিষয়ক মন্ত্রী মোহাম্মদ আল-মোমানি জানিয়েছেন, নিরাপত্তা সংস্থাগুলো ঘটনাস্থলে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ঘটনার তদন্ত চলছে। যাচাই করা তথ্যের ভিত্তিতে পরবর্তী সময়ে বিস্তারিত জানানো হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
এখন পর্যন্ত হামলাকারীদের পরিচয়, হামলার উদ্দেশ্য কিংবা কোনো সংগঠন এর দায় স্বীকার করেছে কি না—এসব বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
জর্ডানের কারাক অঞ্চলে উল্লেখযোগ্য খ্রিষ্টান সম্প্রদায়ের বসবাস রয়েছে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটিতে এ ধরনের হামলা তুলনামূলকভাবে বিরল। তবে অতীতেও কারাক এলাকায় নিরাপত্তাসংক্রান্ত সহিংসতার ঘটনা ঘটেছে।
আরও পড়ুন:







