News Ticker
221.png

নতুন সেতু পেরিয়ে চীন সফরে কিম জং উন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৪ অক্টোবর, ২০২৬ ২০:১৫

শেয়ার

শেয়ার

নতুন সেতু পেরিয়ে চীন সফরে কিম জং উন
ছবি: সংগৃহীত

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন শনিবার (২৪ অক্টোবর) নতুন সেতু দিয়ে চীনের সীমান্তবর্তী শহর দানদংয়ে পৌঁছেছেন। দক্ষিণ কোরিয়ার কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম।

চীন ও উত্তর কোরিয়ার মধ্যে ইয়ালু নদীর ওপর নির্মিত নতুন সেতুটি আনুষ্ঠানিকভাবে চালুর প্রায় এক সপ্তাহ পর কিমের এ সফর অনুষ্ঠিত হলো। সেতুটি ২০১৪ সালে নির্মাণ শেষ হলেও সংযোগ সড়ক ও শুল্কসংক্রান্ত অবকাঠামোর অভাবে এত দিন চালু করা সম্ভব হয়নি।

সেতুটি প্রায় তিন কিলোমিটার দীর্ঘ এবং চার লেনের। এর মাধ্যমে দুই দেশের মধ্যে পণ্য পরিবহন ও বাণিজ্য আরও বাড়বে বলে আশা করছেন বিশেষজ্ঞরা। সেতুটি দিয়ে দিনরাত কনটেইনার (container) ও ভারী পণ্যবাহী যান চলাচলের ব্যবস্থা থাকবে।

সংবাদ সংস্থা রয়টার্সের বরাতে দক্ষিণ কোরিয়ার এক কর্মকর্তা জানিয়েছেন, চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং সীমান্তবর্তী শহরটিতে কিম জং উনের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের মোকাবিলায় চীন ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার চেষ্টা করছেন কিম। চীন উত্তর কোরিয়ার সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার এবং দেশটির গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও কূটনৈতিক সমর্থক। তবে ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর মস্কোর সঙ্গে পিয়ংইয়ংয়ের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে।

এর আগে ২০২৫ সালের সেপ্টেম্বরে বেইজিংয়ে বিজয় দিবসের ৮০তম বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে চীন সফর করেছিলেন কিম। চলতি বছরের জুনে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং উত্তর কোরিয়া সফর করেন। সে সময় দুই দেশের মধ্যে বাণিজ্য, কৃষি, নির্মাণ ও প্রযুক্তি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

সূত্র: আল জাজিরা

ChannelNRB Footer