News Ticker
221.png

দুবাইয়ে ১৬ কেজি ওজনের স্বর্ণের কানের দুল, গিনেসের স্বীকৃতি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৫ অক্টোবর, ২০২৬ ২০:১৮

আপডেট: ২৫ অক্টোবর, ২০২৬ ২০:৪২

শেয়ার

শেয়ার

দুবাইয়ে ১৬ কেজি ওজনের স্বর্ণের কানের দুল, গিনেসের স্বীকৃতি
ছবি: সংগৃহীত

মাত্র এক জোড়া কানের দুলের ওজন ১৬ কেজিরও বেশি! অবিশ্বাস্য হলেও এমনই বিশাল আকৃতির স্বর্ণের দুল তৈরি করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইভিত্তিক জুয়েলারি প্রতিষ্ঠান জুয়ালুক্কাস। ২২ ক্যারেট সোনায় তৈরি দুলের জোড়াটি বিশ্বের সবচেয়ে ভারী স্বর্ণের কানের দুল এবং সবচেয়ে বড় কানের দুল হিসেবে দুটি বিশ্বরেকর্ড অর্জন করেছে।

শনিবার (২৪ অক্টোবর) দুবাই গোল্ড ডিস্ট্রিক্টে অবস্থিত ‘জুয়েল অব জয়’ শোরুমে দুল দুটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। 

‘ময়ূরা সহস্র’ নামের এই দুলের জোড়ার সম্মিলিত নিট স্বর্ণের ওজন ১৬ দশমিক ৫১৪ কেজি। অর্থাৎ, দুল দুটিতে ব্যবহৃত সোনার ওজন ১৬ কেজিরও বেশি। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, গত ১২ অক্টোবর বিশ্বের সবচেয়ে ভারী স্বর্ণের কানের দুলের রেকর্ড অর্জন করে প্রতিষ্ঠানটি।

দুল দুটি দৈর্ঘ্যে ১ দশমিক ২১৫ মিটার এবং ব্যাসে ০ দশমিক ৬৮২ মিটার। আকার ও ওজন—দুই দিক থেকেই এটি সাধারণ অলংকারের তুলনায় ব্যতিক্রমী এক সৃষ্টি।

বিশাল আকৃতির দুল দুটি তৈরি করতে কয়েক মাস ধরে কাজ করেছেন ৫৫ জন দক্ষ কারিগর। সব মিলিয়ে এতে তাঁদের ব্যয় হয়েছে ৫ হাজার ৮৪০ ঘণ্টা।

দক্ষিণ এশিয়ার ঐতিহ্যবাহী ঘণ্টাকৃতির ঝুমকার নকশা অনুসরণ করে তৈরি হয়েছে অলংকার দুটি। এতে ময়ূরের পালকের অনুপ্রেরণায় সূক্ষ্ম কারুকাজ ফুটিয়ে তোলা হয়েছে।

‘ময়ূরা সহস্র’ নামটির অর্থ ‘এক হাজার ময়ূর’। ভারতীয় সংস্কৃতিতে সৌন্দর্য ও আভিজাত্যের প্রতীক ময়ূরের নকশাকে কেন্দ্র করেই দুল দুটির নকশা তৈরি করা হয়েছে।

জুয়ালুক্কাস জুয়েলারির প্রধান নির্বাহী জন পল আলুক্কাস জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরাতে প্রতিষ্ঠানটির দীর্ঘদিনের ব্যবসায়িক যাত্রা এবং দুবাইয়ের উন্নয়ন থেকে এমন একটি ব্যতিক্রমী সৃষ্টি তৈরির ধারণা আসে।

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ড. জয় আলুক্কাস বলেন, দুল দুটি দুবাই শহর এবং এর পেছনে শ্রম দেওয়া দক্ষ কারিগরদের প্রতি শ্রদ্ধার নিদর্শন। একটি সৃষ্টি দিয়ে দুটি গিনেস বিশ্বরেকর্ড অর্জন প্রতিষ্ঠানটির জন্য গর্বের বিষয় বলেও উল্লেখ করেন তিনি।

দুল দুটি উন্মোচন অনুষ্ঠানে সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতি ও পর্যটনমন্ত্রী আবদুল্লাহ বিন তৌক আল মারিসহ জুয়েলারি শিল্পের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের প্রতিনিধিরা দুটি রেকর্ডের স্বীকৃতিপত্র তুলে দেন।

রেকর্ড গড়া স্বর্ণের দুল দুটি দুবাই গোল্ড ডিস্ট্রিক্টের ‘জুয়েল অব জয়’ শোরুমে স্থায়ীভাবে প্রদর্শনের জন্য রাখা হয়েছে। স্থানীয় বাসিন্দা ও পর্যটকেরা সেখানে গিয়ে বিনামূল্যে দুল দুটি দেখতে পারবেন।

ব্যতিক্রমী এই সৃষ্টি ঐতিহ্যবাহী অলংকারের নকশা, আধুনিক কারুশিল্প এবং স্বর্ণের ব্যবহারকে নতুন মাত্রায় তুলে ধরেছে। একই সঙ্গে দুবাইয়ের স্বর্ণ ও জুয়েলারি শিল্পের আন্তর্জাতিক পরিচিতি বাড়াতেও এটি ভূমিকা রাখবে বলে আশা করছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান।

ChannelNRB Footer