News Ticker
221.png

এক সপ্তাহে প্রায় ৮ হাজার প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি আরব

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৫ অক্টোবর, ২০২৬ ২০:৪৪

আপডেট: ২৫ অক্টোবর, ২০২৬ ২০:৫২

শেয়ার

শেয়ার

এক সপ্তাহে প্রায় ৮ হাজার প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি আরব
ছবি: সংগৃহীত

সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে ৭ হাজার ৯৩৪ জন প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে দেশটির কর্তৃপক্ষ। একই সময়ে দেশজুড়ে পরিচালিত নিরাপত্তা অভিযানে ১৩ হাজার ৯০৫ জনকে আটক করা হয়েছে। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ ও সৌদি গেজেট।

সৌদি কর্তৃপক্ষের প্রকাশিত তথ্য অনুযায়ী, ১৫ থেকে ২১ অক্টোবর ২০২৬ পর্যন্ত দেশটির বিভিন্ন অঞ্চলে যৌথ অভিযান চালানো হয়। এসব অভিযানে আবাসন আইন, শ্রম আইন এবং সীমান্ত নিরাপত্তা-সংক্রান্ত বিধি লঙ্ঘনের অভিযোগে প্রবাসীদের আটক করা হয়।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটিতে বর্তমানে মোট ৩৭ হাজার ৬১৮ জন প্রবাসীর বিরুদ্ধে আবাসন ও শ্রমবিধি-সংক্রান্ত আইনগত প্রক্রিয়া চলছে। তাঁদের মধ্যে ৩৫ হাজার ৪৪৯ জন পুরুষ এবং ২ হাজার ১৬৯ জন নারী।

এ ছাড়া ২০ হাজার ২৫২ জনকে প্রয়োজনীয় ভ্রমণ নথি সংগ্রহের জন্য নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। অন্যদিকে, আরও ৬ হাজার ৫৫৫ জনের দেশে ফেরার ভ্রমণব্যবস্থা সম্পন্ন করার প্রক্রিয়া চলছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, অবৈধভাবে কাউকে দেশে প্রবেশে সহায়তা করা, পরিবহন করা, আশ্রয় দেওয়া কিংবা নিয়োগের মাধ্যমে আইন লঙ্ঘনে সহযোগিতা করলে কঠোর শাস্তির মুখে পড়তে হতে পারে।

এসব অপরাধে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড, ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা এবং অপরাধে ব্যবহৃত যানবাহন বা আশ্রয় দেওয়ার কাজে ব্যবহৃত সম্পত্তি বাজেয়াপ্ত করার বিধান রয়েছে বলে মন্ত্রণালয় জানিয়েছে।

সূত্র: গালফ নিউজ

ChannelNRB Footer