News Ticker
221.png

ইতালিতে ৫০ লাখ ডলারের মদ চুরি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৫ অক্টোবর, ২০২৬ ২১:০৫

শেয়ার

শেয়ার

ইতালিতে ৫০ লাখ ডলারের মদ চুরি
ছবি: সংগৃহীত

ইতালির তাসকানি অঞ্চলের একটি ঐতিহ্যবাহী ওয়াইনারি থেকে প্রায় ৫০ লাখ ইউরো মূল্যের ৩০ হাজার বোতল দামি মদ চুরি করেছে সংঘবদ্ধ চোরের দল। বাংলাদেশি মুদ্রায় এর মূল্য কয়েক দশক কোটি টাকা। চুরি হওয়া মদের মধ্যে রয়েছে ইতালির বিখ্যাত ব্র্যান্ড সোলাইয়া, তিগনানেল্লো ও গুয়াদো আল তাসোর বোতল। ঘটনাটিকে ইতালির ইতিহাসে সবচেয়ে বড় মদ চুরির ঘটনা বলে বর্ণনা করেছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি।

ঘটনাটি ঘটে ইতালির তাসকানি অঞ্চলের আরেজ্জো প্রদেশের কর্টোনা শহরের কাছে অবস্থিত ঐতিহ্যবাহী মদ উৎপাদনকারী প্রতিষ্ঠান মার্চেসি আন্তিনোরির একটি সংরক্ষণাগারে। গত ৩ অক্টোবর রাতে চোরের দল সেখানে ঢুকে বিপুল পরিমাণ দামি মদ নিয়ে পালিয়ে যায়। তবে ৫ অক্টোবর কর্মীরা কাজে এসে চুরির বিষয়টি শনাক্ত করেন। তদন্তে ব্যাঘাত এড়াতে প্রতিষ্ঠানটি ৯ অক্টোবর আনুষ্ঠানিকভাবে ঘটনাটি প্রকাশ করে।

তদন্তসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, অন্তত সাতজন মুখোশধারী চোর এই অভিযানে অংশ নেয়। তারা প্রথমে ওয়াইনারির অ্যালার্ম ব্যবস্থা ও নজরদারি ক্যামেরা অকার্যকর করে। এরপর প্রতিষ্ঠানের নিজস্ব ফর্কলিফট ব্যবহার করে দুটি বড় ট্রাকে মদের বোতল তুলে রাতের অন্ধকারে পালিয়ে যায়।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা রেনজো কোটারেল্লা জানিয়েছেন, এত বিপুল পরিমাণ মদ এভাবে চুরি হওয়ার ঘটনা ইতালিতে আগে ঘটেনি। তাঁর ধারণা, চোরের দলটি অত্যন্ত সুপরিকল্পিতভাবে অভিযান চালিয়েছে।

চুরি হওয়া সব বোতলই ২০২৩ সালের উৎপাদিত। খুচরা বাজারে প্রতিটি বোতলের দাম সাধারণত ১৫০ থেকে ৫০০ ইউরোর মধ্যে। ফলে চুরি হওয়া মদের আর্থিক মূল্য দাঁড়িয়েছে আনুমানিক ৫০ লাখ ইউরো বা ৫৮ লাখ মার্কিন ডলার।

চুরি হওয়া মদ অবৈধভাবে বাজারজাত করার আশঙ্কায় প্রতিষ্ঠানটি বিশ্বের বিভিন্ন দেশের ক্রেতা ও পরিবেশকদের সতর্ক করেছে। বিশেষ করে অনুমোদিত বিক্রয়কেন্দ্রের বাইরে অস্বাভাবিক দামে এসব ব্র্যান্ডের মদ বিক্রির প্রস্তাব পেলে সতর্ক থাকতে বলা হয়েছে।

প্রতিষ্ঠানটির আশঙ্কা, চোরের দলটি আন্তর্জাতিক সংগ্রাহক, ব্যবসায়ী কিংবা রেস্তোরাঁর কাছে এসব মদ বিক্রির চেষ্টা করতে পারে। বিপুলসংখ্যক বোতল একসঙ্গে বাজারে ছাড়লে তা তদন্তকারীদের নজরেও আসতে পারে।

ঘটনাটি তদন্ত করছে ইতালির পুলিশ ও কারাবিনিয়েরি বাহিনী। সংরক্ষণাগারের নজরদারি ফুটেজসহ বিভিন্ন আলামত পরীক্ষা করা হচ্ছে। তবে সর্বশেষ প্রকাশিত প্রতিবেদনগুলোতে চুরি হওয়া মদ উদ্ধার কিংবা সন্দেহভাজনদের গ্রেপ্তারের বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
প্রতিষ্ঠানটির আশা, দুটি বড় ট্রাকে করে এত বিপুল পরিমাণ পণ্য সরিয়ে নেওয়ার ঘটনায় পরিবহনপথের নজরদারি ক্যামেরা ও অন্যান্য সূত্রের সাহায্যে চোরের দলকে শনাক্ত করা সম্ভব হবে।
সাম্প্রতিক মাসগুলোতে ইতালির বিভিন্ন ওয়াইনারিতে দামি মদ চুরির একাধিক ঘটনা ঘটেছে। এর আগে জুলাই মাসে মোন্তালচিনোর বিখ্যাত বানফি ওয়াইনারিতেও চুরির ঘটনা ঘটে বলে রয়টার্স জানিয়েছে। ফলে উচ্চমূল্যের মদের বড় চালান লক্ষ্য করে সংঘবদ্ধ চুরির প্রবণতা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
ChannelNRB Footer