আজ (১ আগস্ট) থেকে দেশের সব গণপরিবহনে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ডিভাইস সংযুক্ত ও সার্বক্ষণিক সচল রাখা বাধ্যতামূলক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নতুন এই বিধান অনুযায়ী, জিপিএস সংযুক্ত না থাকলে কোনো গণপরিবহনের নতুন রেজিস্ট্রেশন দেওয়া হবে না এবং ফিটনেস সনদও ইস্যু বা নবায়ন করা হবে না।
বিআরটিএ জানিয়েছে, সড়ক পরিবহনে শৃঙ্খলা প্রতিষ্ঠা, যানবাহনের চলাচল পর্যবেক্ষণ, রুট ব্যবস্থাপনা উন্নত করা এবং নিরাপদ পরিবহন ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। সংশ্লিষ্ট পরিবহন মালিক ও অপারেটরদের আজ থেকেই নির্দেশনাটি মেনে চলতে হবে।
নতুন নিয়মে যা থাকছে
- সব গণপরিবহনে অনুমোদিত জিপিএস ডিভাইস স্থাপন বাধ্যতামূলক।
- ডিভাইস শুধু সংযুক্ত করলেই হবে না, এটি সার্বক্ষণিক সচল রাখতে হবে।
- নতুন রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ নবায়নের সময় জিপিএস সংযুক্তির প্রমাণপত্র জমা দিতে হবে।
- একই সঙ্গে মোবাইল অ্যাপের মাধ্যমে ডিভাইসটি কার্যকর রয়েছে কি না, সেটিও প্রদর্শন করতে হবে।
বিআরটিএর নির্দেশনা অনুযায়ী, সংশ্লিষ্ট যানবাহনে জিপিএস সংযুক্ত ও সচল থাকার বিষয়টি নিশ্চিত না হলে নতুন রেজিস্ট্রেশন দেওয়া হবে না। একইভাবে ফিটনেস সনদ প্রদান বা নবায়নের আবেদনও গ্রহণ করা হবে না।
সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা ২৫ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর বিধি ৫৫ অনুযায়ী জিপিএস সংযুক্তি নিশ্চিত হওয়ার পরই গণপরিবহনের রেজিস্ট্রেশন প্রদান ও ফিটনেস সনদ নবায়ন করা হবে বলে জানিয়েছে বিআরটিএ।
সরকারের মতে, জিপিএস বাধ্যতামূলক হওয়ার ফলে গণপরিবহনের অবস্থান তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা সহজ হবে, রুট ব্যবস্থাপনায় স্বচ্ছতা বাড়বে, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা সহজ হবে এবং দুর্ঘটনা প্রতিরোধ ও আইন প্রয়োগকারী সংস্থার নজরদারি আরও কার্যকর হবে।
আরও পড়ুন:







