সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ে আটক বাংলাদেশের সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ মুক্তি পেয়েছেন বলে জানা গেছে। তবে তাকে দেশে ফেরত আনার প্রক্রিয়া এবং পরবর্তী আইনি পদক্ষেপ নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হয়নি।
এর আগে দুর্নীতির মামলায় ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ বেনজীর আহমেদকে আটক করে। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) তার বিরুদ্ধে থাকা মামলার নথিপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত আরব আমিরাতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানোর উদ্যোগ নেয়।
সাবেক এই আইজিপির বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন এবং অর্থপাচারের অভিযোগে একাধিক মামলা রয়েছে। তাকে দেশে ফিরিয়ে এনে আইনি প্রক্রিয়ার মুখোমুখি করার কথা জানিয়েছিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সূত্র জানায়, দুবাই কর্তৃপক্ষ বাংলাদেশের পক্ষ থেকে পাঠানো নথি ও আইনি বিষয়গুলো পর্যালোচনা করছিল। প্রত্যর্পণ প্রক্রিয়ার আগে কয়েকটি বিষয়ে ব্যাখ্যাও চাওয়া হয়েছিল বলে জানা যায়।
বেনজীর আহমেদ ২০২০ সালের এপ্রিল থেকে ২০২২ সালের সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি র্যাবের মহাপরিচালকসহ আইনশৃঙ্খলা বাহিনীর গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে দায়িত্বে ছিলেন।
তার মুক্তির খবর প্রকাশের পর সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা শুরু হয়েছে। তবে তিনি কোথায় অবস্থান করছেন এবং দেশে ফেরার বিষয়ে তার পরবর্তী পদক্ষেপ কী হবে, তা এখনো স্পষ্ট নয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্যের অপেক্ষায় রয়েছে সবাই।
আরও পড়ুন:







