News Ticker
221.png

সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবার পাবে ৫ লাখ টাকা: প্রবাসীকল্যাণ মন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৮ আগস্ট, ২০২৬ ২১:৫৬

শেয়ার

শেয়ার

সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবার পাবে ৫ লাখ টাকা: প্রবাসীকল্যাণ মন্ত্রী
ছবি: সংগৃহীত

সিলেটের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত প্রত্যেকের পরিবারকে ৫ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। একই দুর্ঘটনায় পঙ্গুত্ব বরণকারীদের ৩ লাখ এবং চিকিৎসাধীন আহতদের ১ লাখ টাকা করে দেওয়া হবে।

শনিবার (৮ আগস্ট) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে গিয়ে এ ঘোষণা দেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

মন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে দুর্ঘটনায় নিহত ও আহতদের সহায়তায় এই আর্থিক অনুদান দেওয়া হচ্ছে। দুর্ঘটনায় নিহত ৯ জনের পরিবারকে ৫ লাখ টাকা করে মোট ৪৫ লাখ টাকা দেওয়া হবে। প্রয়োজনীয় তথ্য ও ফলোআপ কার্যক্রম শেষ হওয়ার পর দ্রুত অনুদান বিতরণ করা হবে।

এ ছাড়া দুর্ঘটনায় পঙ্গুত্ব বরণকারীদের ৩ লাখ টাকা এবং চিকিৎসাধীন আহতদের ১ লাখ টাকা করে সহায়তা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সরকারি অনুদান পেতে বিআরটিএর নির্ধারিত ফরম পূরণ করে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে বলে জানিয়েছেন মন্ত্রী।

শুক্রবার (৭ আগস্ট) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় ইউনিক পরিবহন ও বেঙ্গল পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়। পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজন মারা যান। নিহতরা সবাই ইউনিক পরিবহনের যাত্রী ছিলেন।

দুর্ঘটনায় অন্তত ২৪ জন আহত হন। তাদের মধ্যে ১৪ জন বর্তমানে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানানো হয়েছে।

হাসপাতাল পরিদর্শনের সময় মন্ত্রী আহতদের চিকিৎসার খোঁজখবর নেন এবং যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

এদিকে ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনা কমাতে যানবাহনের গতি নিয়ন্ত্রণ এবং চালকদের মধ্যে প্রতিযোগিতামূলকভাবে গাড়ি চালানো বন্ধে নজরদারি বাড়ানোর কথা জানিয়েছেন মন্ত্রী। বিশেষ করে সকালে মহাসড়ক ফাঁকা থাকায় অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর প্রবণতা ঠেকাতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন:

ChannelNRB Footer