রাজধানীর গণপরিবহনে নারীদের যাতায়াত আরও নিরাপদ, স্বস্তিদায়ক ও আরামদায়ক করতে বিশেষ ‘পিংক বাস’ সার্ভিস চালু করছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। নারী চালক ও নারী কন্ডাক্টর পরিচালিত এই বিশেষ বাস সার্ভিস আগামী মঙ্গলবার (১৮ আগস্ট) থেকে চালু হওয়ার কথা রয়েছে।
বিআরটিসি জানিয়েছে, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে ‘মহিলা বাস সার্ভিস পরিচালনা’ কার্যক্রম শুরু করা হচ্ছে। মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন হবে। প্রাথমিক পর্যায়ে রাজধানীর গুরুত্বপূর্ণ বিভিন্ন রুটে ১০টি বাস চলাচল করবে।
যেসব রুটে চলবে পিংক বাস
১. নতুন বাজার (কোকাকোলা)-মতিঝিল
এই রুটের বাস কোকাকোলা, নতুন বাজার, উত্তর বাড্ডা, মধ্য বাড্ডা, মেরুল বাড্ডা, রামপুরা, আবুল হোটেল, মালিবাগ, কাকরাইল, পল্টন ও গুলিস্তান হয়ে মতিঝিলে যাবে।
২. তালতলা-মতিঝিল
তালতলা থেকে খিলগাঁও রেলগেট, বাসাবো, বৌদ্ধমন্দির, মুগদা, কমলাপুর রেলস্টেশন, আরামবাগ, শাপলা চত্বর ও সচিবালয় হয়ে মতিঝিলে চলবে বাস।
৩. ডেমরা স্টাফ কোয়ার্টার-জিপিও
এই রুটে ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে বাঁশের পুল, কাজলা, যাত্রাবাড়ী, জনপথ মোড়, গুলিস্তান, পল্টন, সচিবালয় ও মৎস্য ভবন হয়ে জিপিও পর্যন্ত বাস চলাচল করবে।
৪. মিরপুর-১০-মতিঝিল
মিরপুর-১০ থেকে টেকনিক্যাল, কল্যাণপুর, শ্যামলী, আসাদগেট, কলাবাগান, শাহবাগ ও পল্টন হয়ে মতিঝিলে যাবে বাস।
৫. মিরপুর-মতিঝিল
মিরপুর-১২, মিরপুর-১০, মিরপুর-১, টেকনিক্যাল, শ্যামলী, ফার্মগেট, শাহবাগ ও গুলিস্তান হয়ে মতিঝিলে চলবে এই রুটের বাস।
৬. মিরপুর-১২-মতিঝিল
মিরপুর-১২ থেকে মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, ফার্মগেট, শাহবাগ, প্রেস ক্লাব ও গুলিস্তান হয়ে মতিঝিলে যাবে বাস।
৭. মোহাম্মদপুর-মতিঝিল
মোহাম্মদপুর থেকে শংকর, ধানমণ্ডি-১৫, সিটি কলেজ, নিউ মার্কেট, এলিফ্যান্ট রোড, শাহবাগ ও পল্টন হয়ে মতিঝিলে চলবে বিশেষ বাস।
৮. আব্দুল্লাহপুর-মতিঝিল
আব্দুল্লাহপুর থেকে বিমানবন্দর, খিলক্ষেত, বিশ্বরোড, কুড়িল, বনানী, মহাখালী, ফার্মগেট, শাহবাগ, প্রেস ক্লাব ও গুলিস্তান হয়ে মতিঝিলে যাবে বাস।
৯. গাজীপুর-বিমানবন্দর
গাজীপুর, শিববাড়ী, গাজীপুর চৌরাস্তা, মালেকের বাড়ি, বোর্ডবাজার, গাজীপুরা, কলেজগেট, স্টেশন রোড ও আব্দুল্লাহপুর হয়ে বিমানবন্দর পর্যন্ত চলবে বিশেষ বাস।
শুধু রাজধানী নয়, প্রাথমিক পর্যায়ে ঢাকার বাইরেও এই সেবা সম্প্রসারণ করা হচ্ছে। বগুড়ায় শেরপুর-মাটিডালি রুটে দুটি এবং চট্টগ্রামে কালুরঘাট-পতেঙ্গা রুটে দুটি বাস চালানোর পরিকল্পনা রয়েছে। চট্টগ্রামের বাসগুলো কালুরঘাট, কাপ্তাই রাস্তার মাথা, বহদ্দারহাট, মুরাদপুর, ২ নম্বর গেট, জিইসি মোড় ও লালখান বাজার হয়ে চলাচল করবে।
বিআরটিসির নতুন এই সার্ভিসের অন্যতম বৈশিষ্ট্য হলো—বাসের চালক ও কন্ডাক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন নারী কর্মীরা। ফলে নারী যাত্রীদের জন্য তুলনামূলক নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবেশ তৈরির পাশাপাশি পরিবহন খাতে নারীদের অংশগ্রহণও বাড়বে বলে আশা করা হচ্ছে।
প্রাথমিকভাবে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোকে সংযুক্ত করে রুট নির্ধারণ করা হয়েছে। বিশেষ করে মতিঝিল, গুলিস্তান, শাহবাগ, ফার্মগেট, মিরপুর, মোহাম্মদপুর, বাড্ডা, রামপুরা, উত্তরা ও বিমানবন্দরমুখী যাত্রীদের জন্য এই সেবা গুরুত্বপূর্ণ হতে পারে।
আরও পড়ুন:







