News Ticker
221.png

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮ আগস্ট, ২০২৬ ২৩:২০

শেয়ার

শেয়ার

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

সমাজের সবাই নিজ নিজ জায়গা থেকে একটু একটু করে এগিয়ে এলে বড় বড় সামাজিক সমস্যার সমাধান করা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে মানবিক ও জনকল্যাণমূলক কাজে বেসরকারি খাতকে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে রাজধানীর বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সিলেট বিভাগের চা-বাগান শ্রমিকদের প্রতিকূল আবহাওয়ায় সুরক্ষার লক্ষ্যে বেসরকারি খাতের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিলের সহায়তায় ২০ হাজার রেইনকোট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সেখানেই তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, সমাজের সবাই যদি নিজ নিজ অবস্থান থেকে মানবিক ও সামাজিক কাজে এগিয়ে আসে, তাহলে সম্মিলিত প্রচেষ্টায় অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব।

তিনি বলেন, যারা জনকল্যাণমূলক কাজে অংশ নিতে চান, তাদের সরকার সবসময় সহযোগিতা করবে। বেসরকারি প্রতিষ্ঠানগুলোর এমন উদ্যোগকে তিনি ইতিবাচক হিসেবে উল্লেখ করেন।

প্রতিকূল আবহাওয়ায় চা-শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত এবং তাদের জন্য নিরাপদ কর্মপরিবেশ তৈরির লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ উদ্যোগে সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার বিভিন্ন চা-বাগানে কর্মরত শ্রমিকদের মধ্যে এসব রেইনকোট বিতরণ করা হবে।

মোট ২০ হাজার রেইনকোটের মধ্যে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ (বাপি) ১০ হাজার, শেভরন বাংলাদেশ ৫ হাজার এবং পাণ্ডুঘর গ্রুপ ৫ হাজার রেইনকোট সরবরাহ করছে।

অনুষ্ঠানে শ্রীমঙ্গল ও কমলগঞ্জের ১০ জন চা-শ্রমিকের হাতে প্রতীকীভাবে রেইনকোট তুলে দিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি শ্রমিকদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন।

অনুষ্ঠানে উপস্থিত বেসরকারি খাতের প্রতিনিধিরা বলেন, ব্যবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া ও শ্রমজীবী মানুষের কল্যাণে ভূমিকা রাখা করপোরেট সামাজিক দায়বদ্ধতার গুরুত্বপূর্ণ অংশ।

তারা সরকারের সঙ্গে সমন্বয় করে ভবিষ্যতেও চা-শ্রমিকসহ বিভিন্ন প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং নিরাপদ কর্মপরিবেশ তৈরিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

রেইনকোট গ্রহণের সময় শ্রীমঙ্গলের মাজদিহি চা-বাগানের শ্রমিক সন্তুকী রায় চা-শ্রমিকদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা হিসেবে চা-পাতা উপহার দেন।

এ সময় চা-শ্রমিকদের পক্ষে শান্তি উড়িয়া, মুন্নী কুর্মি, জ্যোৎস্না আক্তার, রিনা তাঁতী, শশিকা ব্যানার্জি, কবিতা কর্মকার, সুজাতা বিশ্বাস, রিতা রানী বাউরী ও আফখাতুন নাহার উপস্থিত ছিলেন। তারা প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতি কৃতজ্ঞতা জানান।

প্রধানমন্ত্রীর বক্তব্যে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত অংশগ্রহণের বিষয়টি গুরুত্ব পেয়েছে।

চা-শ্রমিকদের জন্য রেইনকোট বিতরণের এই উদ্যোগকে সেই সমন্বিত প্রচেষ্টার একটি উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। ছোট ছোট মানবিক উদ্যোগ একত্রিত হলে সমাজের বড় সমস্যাগুলো মোকাবিলায় কার্যকর পরিবর্তন আনা সম্ভব—এমন বার্তাই দিয়েছেন প্রধানমন্ত্রী।

সূত্র: বাসস

আরও পড়ুন:

ChannelNRB Footer