News Ticker
221.png

বঙ্গভবন ছাড়লেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০ আগস্ট, ২০২৬ ১৭:১৯

শেয়ার

শেয়ার

বঙ্গভবন ছাড়লেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
ছবি: সংগৃহীত

রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বঙ্গভবন থেকে বিদায় নিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ১টা ২৫ মিনিটের দিকে তিনি বঙ্গভবন ত্যাগ করেন।

এর আগে বঙ্গভবনে তাঁর শেষ কর্মদিবস উপলক্ষে বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়। সকাল সাড়ে ১১টার দিকে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি সুসজ্জিত দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। হাফিজ উদ্দিন আহমদ গার্ড অব অনার পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।

বিদায় অনুষ্ঠানের শুরুতে তিনি বঙ্গভবনের দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন। পরে বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এ সময় কর্মকর্তারা তাঁকে ফুল দিয়ে বিদায় জানান।

বিদায়ী অনুষ্ঠানে তিন বাহিনীর প্রধান, রাষ্ট্রপতির সামরিক ও বেসামরিক সচিবসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিদায় নেওয়ার সময় হাফিজ উদ্দিন আহমদ দেশের শান্তি, অগ্রগতি ও সরকারের সাফল্য কামনা করেন। এরপর যথাযথ প্রটোকল মেনে তিনি বঙ্গভবন এলাকা ত্যাগ করেন।

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ২৪ জুলাই স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করার পর সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।

প্রায় এক মাস ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালনের পর আজ তাঁর বঙ্গভবন থেকে বিদায় নেওয়ার মধ্য দিয়ে এই দায়িত্বেরও অবসান ঘটল।

হাফিজ উদ্দিন আহমদের বঙ্গভবন ছাড়ার দিনেই জাতীয় সংসদে অনুষ্ঠিত হচ্ছে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন। দীর্ঘ ৩৫ বছর পর এবার রাষ্ট্রপতি পদে একাধিক প্রার্থী থাকায় ভোটের মাধ্যমে নির্বাচন হচ্ছে। ভোটগ্রহণ শুরু হয় দুপুর ২টায় এবং ভোট শেষে সংসদ কক্ষেই ব্যালট গণনা করে ফল ঘোষণা করার কথা রয়েছে।

রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিরোধী জোটের প্রার্থী অলি আহমেদ। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর সাংবিধানিক প্রক্রিয়া অনুযায়ী তাঁর দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে রাষ্ট্রপতির কার্যালয়ে নতুন অধ্যায়ের সূচনা হবে।

আরও পড়ুন:

ChannelNRB Footer