দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে বঙ্গভবনে প্রবেশ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (২৩ আগস্ট) সকাল ১১টার দিকে রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবন থেকে বঙ্গভবনে পৌঁছালে তাকে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় স্বাগত জানানো হয়।
রাষ্ট্রপতির কার্যালয়ের তথ্য অনুযায়ী, সকাল ১০টা ৫০ মিনিটের দিকে মিন্টো রোডের সরকারি বাসভবন থেকে বঙ্গভবনের উদ্দেশে রওনা হন মির্জা ফখরুল। বঙ্গভবনে পৌঁছানোর পর প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। রাষ্ট্রপতি পিজিআরের পক্ষ থেকে দেওয়া সালাম গ্রহণ করেন।
বঙ্গভবন এলাকায় রাষ্ট্রপতির গাড়িবহর পৌঁছালে সুসজ্জিত অশ্বারোহী দল তাকে অভ্যর্থনা জানিয়ে ভেতরে নিয়ে যায়। এরপর নির্ধারিত স্থানে সশস্ত্র বাহিনীর চৌকস দল গার্ড অব অনারের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে।
গার্ড অব অনার গ্রহণের পর রাষ্ট্রপতি বঙ্গভবনের নিজ কার্যালয়ে প্রবেশ করেন এবং দাপ্তরিক কার্যক্রম শুরু করেন। এখন থেকে বঙ্গভবন থেকেই রাষ্ট্রপতির নিয়মিত দাপ্তরিক কার্যক্রম পরিচালিত হবে।
এর আগে গত শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল তাকে শপথবাক্য পাঠ করান।
শপথ গ্রহণের পর আজই প্রথমবারের মতো রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবনে আনুষ্ঠানিক কর্মদিবস শুরু করলেন মির্জা ফখরুল। তার বঙ্গভবনে প্রবেশকে কেন্দ্র করে সকাল থেকেই সেখানে প্রয়োজনীয় রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা ও নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়।
আরও পড়ুন:







