News Ticker
221.png

লুট হওয়া অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৯ আগস্ট, ২০২৬ ১৫:০১

শেয়ার

শেয়ার

লুট হওয়া অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

সারা দেশে লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে তথ্য দিয়ে সহযোগিতা করলে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম আরও জোরদার করতে বিশেষ একটি ইউনিট গঠন করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

শনিবার (২৯ আগস্ট) রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে পুলিশ সদর দপ্তর আয়োজিত ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

অস্ত্র উদ্ধারে সাধারণ মানুষের সহযোগিতা চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, তথ্য প্রদানকারীদের পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। তাঁদের নিরাপত্তা নিশ্চিত করারও আশ্বাস দিয়েছেন তিনি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা বাহিনী মনে করছে, স্থানীয় পর্যায়ে থাকা অবৈধ ও লুণ্ঠিত অস্ত্রের অবস্থান সম্পর্কে সাধারণ মানুষের কাছ থেকে পাওয়া তথ্য অভিযানকে আরও কার্যকর করতে পারে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে ইতোমধ্যে বিশেষ ইউনিট গঠন করা হয়েছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থার তথ্য ও সহায়তা নিয়ে ইউনিটটি কাজ শুরু করেছে। অস্ত্র উদ্ধারের অভিযান আরও জোরদার করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে।

তিনি বলেন, সারাদেশে অবৈধ অস্ত্র ও লুণ্ঠিত অস্ত্র উদ্ধারের পাশাপাশি মাদক চোরাচালান, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হবে।

বিভিন্ন সময়ে যেসব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল করা হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তিরা সেসব অস্ত্র জমা দেননি, সেগুলোকেও অবৈধ অস্ত্র হিসেবে গণ্য করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি জানান, নির্ধারিত সময়ের মধ্যে বাতিলকৃত লাইসেন্সের অস্ত্র জমা না দেওয়ায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে ইতোমধ্যে মামলা করা হয়েছে। এসব অস্ত্র উদ্ধারে অভিযানও অব্যাহত রয়েছে। 

ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভায় স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ কর্মকর্তাদের অপরাধ দমনে আরও কার্যকর ভূমিকা রাখার নির্দেশ দেন। সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

নির্ধারিত সময়ের মধ্যে প্রত্যাশিত অগ্রগতি দেখাতে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আরও পড়ুন:

ChannelNRB Footer