রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে এক স্কুলশিক্ষিকার মৃত্যুর ঘটনায় মূল সন্দেহভাজনসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন মো. পনি ওরফে প্যারা পনি। এ সময় ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।
রোববার (৩০ আগস্ট) র্যাব-২ এ তথ্য জানায়। এ ঘটনায় বিস্তারিত তথ্য জানাতে রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় র্যাব-২ ব্যাটালিয়ন সদর দপ্তরে বিকেল ৪টায় সংবাদ ব্রিফিং করার কথা রয়েছে। ব্রিফিংয়ে র্যাব-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান বক্তব্য দেবেন।
এর আগে শনিবার (২৯ আগস্ট) ভোরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনের সড়কে ছিনতাইকারীর কবলে পড়েন বগুড়ার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিনা পারভীন (৫৫)।
চোখের চিকিৎসার জন্য স্বামীর সঙ্গে বগুড়া থেকে ঢাকায় এসেছিলেন তিনি। রাতে বাসে ঢাকায় এসে ভোরে কল্যাণপুর এলাকা থেকে রিকশায় করে ফার্মগেটের একটি চক্ষু হাসপাতালে যাচ্ছিলেন তারা।
সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে পৌঁছালে পেছন থেকে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি রনজিনা পারভীনের হাতে থাকা ব্যাগ ধরে টান দেয়। এ সময় ছিনতাইকারীদের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে তিনি রিকশা থেকে সড়কে ছিটকে পড়ে যান। মাথায় গুরুতর আঘাত পান তিনি।
পরে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর নিহত শিক্ষিকার স্বামী আবদুল মতিন বাদী হয়ে রাজধানীর শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা করেন। মামলার পর ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
র্যাব জানিয়েছে, তদন্তের ধারাবাহিকতায় মামলার মূল সন্দেহভাজন মো. পনি ওরফে প্যারা পনি এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সময় ব্যবহৃত মোটরসাইকেলটিও তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে।
রনজিনা পারভীন বগুড়ার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। চোখের চিকিৎসার জন্য স্বামীর সঙ্গে ঢাকায় এসেছিলেন তিনি। চিকিৎসকের কাছে যাওয়ার পথেই ছিনতাইকারীদের হামলার শিকার হয়ে প্রাণ হারাতে হলো তাকে।
মাত্র কয়েক মুহূর্তের ছিনতাইয়ের ঘটনায় একজন শিক্ষিকার এমন মৃত্যু রাজধানীর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকার কাছেও ছিনতাইকারীদের সক্রিয়তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
আরও পড়ুন:







