News Ticker
221.png

রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৪ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:১৬

শেয়ার

শেয়ার

রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী
ছবি: সংগৃহীত

গ্যাস ও বিদ্যুৎ সংকট নিয়ে রাজপথে আন্দোলনের হুমকি না দিয়ে জাতীয় সংসদে এসে সংকট সমাধানে বিকল্প পরিকল্পনা ও কার্যকর পরামর্শ দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

রিজভী বলেন, গ্যাস ও বিদ্যুতের সংকট নিয়ে রাজনৈতিক দলগুলো লংমার্চ বা বিভিন্ন কর্মসূচি দিতে পারে। তবে শুধু আন্দোলনের কর্মসূচি না দিয়ে সংকট সমাধানের পথও দেখানো প্রয়োজন।

তিনি বিরোধী দলগুলোর উদ্দেশে বলেন, গ্যাস ও বিদ্যুৎ কীভাবে সরবরাহ করা হবে, কোথা থেকে পাওয়া যাবে এবং কীভাবে তা নিশ্চিত করা সম্ভব—এসব বিষয়ে একটি বিকল্প পরিকল্পনা দেওয়া উচিত।

রিজভীর ভাষ্য অনুযায়ী, বর্তমান সংকট মোকাবিলায় কী ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে, সে বিষয়ে বিরোধী দলের পক্ষ থেকে সুনির্দিষ্ট প্রস্তাব সংসদে তুলে ধরা সম্ভব। 

বিএনপির এই নেতা বলেন, জাতীয় সংসদে বিরোধী দলের সদস্যদের কথা বলার সুযোগ রয়েছে। সরকারের সমালোচনা করা এবং সংসদের বাইরে রাজনৈতিক কর্মসূচি পালন গণতান্ত্রিক ব্যবস্থার স্বাভাবিক অংশ হলেও জাতীয় সংকট মোকাবিলায় গঠনমূলক পরামর্শও প্রয়োজন।

তিনি বলেন, রাজনৈতিক কর্মসূচি দেওয়ার অধিকার থাকলেও এমন কোনো পরিস্থিতি তৈরি করা উচিত নয়, যাতে পরিকল্পিত অচলাবস্থা সৃষ্টি হয়। বরং সংকট কীভাবে মোকাবিলা করা যায়, সে বিষয়ে কার্যকর পরিকল্পনা সামনে আনা দরকার। 

দেশের বর্তমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের পেছনে আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাব রয়েছে বলে মন্তব্য করেন রিজভী। তিনি বিশেষ করে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি এবং হরমুজ প্রণালিতে জ্বালানি পরিবহনের বাধার কথা উল্লেখ করেন।

তাঁর দাবি, আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় সংকট তৈরি হওয়ায় প্রয়োজনীয় জ্বালানি আমদানিতে সমস্যা হচ্ছে। একই সঙ্গে বিগত সরকারের ভুল পরিকল্পনাও বর্তমান সংকটের অন্যতম কারণ বলে মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন, বর্তমান গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক দলগুলোর আন্দোলন, বিক্ষোভ ও লংমার্চ করার অধিকার রয়েছে। তবে জনগণের প্রয়োজনীয় গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার মতো জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত।

তিনি বলেন, সংকট নিয়ে শুধু সরকারের সমালোচনা করলে সমস্যার সমাধান হবে না। কীভাবে সংকট থেকে বেরিয়ে আসা যায়, সে বিষয়ে বাস্তবসম্মত প্রস্তাবও দিতে হবে।

এর আগে ২ সেপ্টেম্বর রিজভী জানিয়েছিলেন, আগামী এক থেকে দেড় সপ্তাহের মধ্যে মিল-কারখানাগুলোতে পর্যাপ্ত গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে। সে সময়ও তিনি বর্তমান জ্বালানি সংকটের কারণ হিসেবে আন্তর্জাতিক পরিস্থিতির পাশাপাশি আগের সরকারের পরিকল্পনার বিষয়টি উল্লেখ করেছিলেন। 

আরও পড়ুন:

ChannelNRB Footer