News Ticker
221.png

নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৬ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:২১

শেয়ার

শেয়ার

নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁওয়ে সরকারি সফরে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুই দিনের সরকারি সফরে রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে হেলিকপ্টারযোগে তিনি ঠাকুরগাঁওয়ে পৌঁছান।

দুপুর ১২টা ৫৮ মিনিট থেকে ১টার দিকে রাষ্ট্রপতিকে বহনকারী হেলিকপ্টারটি ঠাকুরগাঁওয়ের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়াম মাঠে অবতরণ করে। এ সময় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং নাগরিক সংবর্ধনা আয়োজক কমিটির পক্ষ থেকে রাষ্ট্রপতিকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়।

রাষ্ট্রপতির সঙ্গে রয়েছেন তাঁর সহধর্মিণী রাহাত আরা বেগম। হেলিকপ্টার থেকে নামার পর রাষ্ট্রপতি উপস্থিত নেতৃবৃন্দ ও স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

স্টেডিয়াম থেকে রাষ্ট্রপতি সড়কপথে ঠাকুরগাঁও সার্কিট হাউসে যান। সেখানে বাংলাদেশ পুলিশের একটি সুসজ্জিত দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। রাষ্ট্রপতি গার্ড পরিদর্শন করেন এবং আনুষ্ঠানিকতা শেষে পরবর্তী কর্মসূচিতে অংশ নেন।

সফরের শুরুতেই রাষ্ট্রপতির ঠাকুরগাঁও পৌর শহরের সেনুয়া কবরস্থানে যাওয়ার কথা রয়েছে। সেখানে তিনি তাঁর প্রয়াত বাবা সাবেক মন্ত্রী মির্জা রুহুল আমীন ও মা ফাতেমা বেগমের কবর জিয়ারত করবেন। এরপর তিনি ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি এলাকায় তাঁর নিজ বাসভবনে যাবেন। 

রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে ঠাকুরগাঁওয়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন স্থাপনায় রং, সাজসজ্জা, তোরণ ও আলোকসজ্জার পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ করা হয়েছে।

রোববার বিকেল সাড়ে ৩টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠে নাগরিক কমিটির আয়োজনে রাষ্ট্রপতিকে সংবর্ধনা দেওয়ার কথা রয়েছে। এতে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশ নেওয়ার প্রস্তুতি রয়েছে। সংবর্ধনা শেষে রাষ্ট্রপতি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আত্মীয়স্বজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

দুই দিনের সফরের দ্বিতীয় দিন সোমবার (৭ সেপ্টেম্বর) রাষ্ট্রপতি ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের পাশে সদর উপজেলার জামালপুর এলাকায় প্রস্তাবিত ‘ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলে সফরসূচিতে রয়েছে।

রাষ্ট্রপতি হওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিজ জেলায় এটিই প্রথম সরকারি সফর। এ কারণে সফরকে ঘিরে স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ তৈরি হয়েছে। একই সঙ্গে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কর্মসংস্থানসহ জেলার দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে রাষ্ট্রপতির কাছে প্রত্যাশাও তৈরি হয়েছে। 

আরও পড়ুন:

ChannelNRB Footer