News Ticker
221.png

ত্যাগের বিনিময়ে অর্জিত গণতন্ত্রকে রক্ষার আহ্বান রাষ্ট্রপতির

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৭ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:৫৮

শেয়ার

শেয়ার

ত্যাগের বিনিময়ে অর্জিত গণতন্ত্রকে রক্ষার আহ্বান রাষ্ট্রপতির
ছবি: সংগৃহীত

সংঘাত, হানাহানি ও প্রতিশোধের রাজনীতি পরিহার করে আলাপ-আলোচনা ও সমঝোতার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে দীর্ঘ ত্যাগ ও সংগ্রামের বিনিময়ে অর্জিত গণতন্ত্র যাতে আর কোনোভাবেই হারিয়ে না যায়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

সোমবার (৭ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে দেওয়া বক্তব্যে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, হানাহানি ও সংঘর্ষ নয়; আলাপ-আলোচনা ও সমঝোতার মাধ্যমেই দেশকে এগিয়ে নিতে হবে। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও তা যেন সংঘাত বা প্রতিশোধের পথে না যায়, সেদিকে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। তাঁর মতে, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধা এবং সংলাপের পরিবেশ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

তিনি আরও বলেন, অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত গণতন্ত্র যেন আর হারিয়ে না যায়। গণতান্ত্রিক পরিবেশ ও দেশের স্থিতিশীলতা রক্ষায় রাজনৈতিক দলসহ সর্বস্তরের মানুষের দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন।

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর নিজ জেলা ঠাকুরগাঁওয়ে এটিই তাঁর প্রথম সরকারি সফর। সফরের দ্বিতীয় দিনে সোমবার বেলা ১১টা ২০ মিনিটে সদর উপজেলার জামালপুর এলাকায় ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের পাশে প্রস্তাবিত স্থানে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।

বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হলে ঠাকুরগাঁওসহ আশপাশের জেলার শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। রাষ্ট্রপতি জানান, অল্প সময়ের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের নির্মাণকাজ শুরু হবে। এর মাধ্যমে উত্তরাঞ্চলে উচ্চশিক্ষার প্রসার, শিক্ষার মানোন্নয়ন এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। 

ঠাকুরগাঁওয়ের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার কথা তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, জেলাটি দীর্ঘদিন ধরে বিভিন্ন ক্ষেত্রে তুলনামূলকভাবে পিছিয়ে রয়েছে। মানুষের জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।

ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপনের কাজ এগিয়ে যাচ্ছে এবং বিমানবন্দর পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও তিনি জানান। পাশাপাশি বেকারত্ব দূর করতে নতুন নতুন প্রতিষ্ঠান গড়ে তোলা এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার ওপর গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি। 

এর আগে রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে দুই দিনের সরকারি সফরে ঠাকুরগাঁওয়ে পৌঁছান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁকে বহনকারী হেলিকপ্টার ঠাকুরগাঁওয়ের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে অবতরণ করে। পরে রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী তাঁকে স্বাগত জানানো হয় এবং সার্কিট হাউসে গার্ড অব অনার দেওয়া হয়।

সার্কিট হাউসের আনুষ্ঠানিকতা শেষে রাষ্ট্রপতি তাঁর মা-বাবার কবর জিয়ারত করেন। পরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের মাঠে আয়োজিত নাগরিক সংবর্ধনায় অংশ নেন। 

আরও পড়ুন:

ChannelNRB Footer