News Ticker
221.png

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সরকারি ভ্রমণ ব্যয়ে নতুন নির্দেশনা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৮ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:৩৩

শেয়ার

শেয়ার

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সরকারি ভ্রমণ ব্যয়ে নতুন নির্দেশনা
ছবি: সংগৃহীত
মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা সরকারি কাজে দেশে-বিদেশে ভ্রমণের পর ব্যয়ের বিল দাখিল ও অগ্রিম অর্থ সমন্বয়ের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
এখন থেকে ভ্রমণ ব্যয়ের বিলের সঙ্গে নির্ধারিত প্রমাণক সংযুক্ত করা, ভ্রমণ শেষে এক মাসের মধ্যে অগ্রিম সমন্বয় এবং মূল কপিসহ বিলের তিন সেট দাখিলসহ সাতটি বিষয় বাধ্যতামূলকভাবে অনুসরণ করতে হবে। মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসেবা শাখা থেকে গত ৩ সেপ্টেম্বর এ-সংক্রান্ত পরিপত্র জারি করা হয়।
পরিপত্রে বলা হয়েছে, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা সরকারি কাজে দেশে ও দেশের বাইরে ভ্রমণ করেন। ভ্রমণ শেষে প্রকৃত ব্যয় পরিশোধের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগে প্রয়োজনীয় কাগজপত্রসহ বিল দাখিল করতে হবে।
বৈদেশিক ভ্রমণের ক্ষেত্রে সরকারপ্রধান কর্তৃক অনুমোদিত সারসংক্ষেপের কপি এবং অভ্যন্তরীণ ভ্রমণের ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগ কর্তৃক জারি করা অফিস আদেশের কপি বিলের সঙ্গে সংযুক্ত করতে হবে।
এ ছাড়া যানবাহন ভাড়ার ক্ষেত্রে প্রকৃত ভাড়ার টিকিট, বিমান ভ্রমণের ক্ষেত্রে বিমানের টিকিটের সঙ্গে বোর্ডিং পাস, অনুমোদিত ভ্রমণ বিবরণী ও ভ্রমণসূচি দাখিল করতে হবে। আবাসিক হোটেলে অবস্থানের ক্ষেত্রে প্রকৃত পরিশোধিত বিলের কপি বা প্রমাণকও দিতে হবে।
বৈদেশিক ভ্রমণ ব্যয়ের ক্ষেত্রে টাকার পাশাপাশি সংশ্লিষ্ট বৈদেশিক মুদ্রার বিনিময় হারসংক্রান্ত বিবরণী জমা দিতে হবে। অন্যান্য ব্যয়ের ক্ষেত্রেও সংশ্লিষ্ট ভাউচার বা প্রয়োজনীয় প্রমাণক সংযুক্ত করতে হবে।পরিপত্রে আরও বলা হয়েছে, সরকারপ্রধান কর্তৃক অনুমোদিত সারসংক্ষেপে উল্লেখিত ভ্রমণকালের অতিরিক্ত সময় কেউ ভ্রমণ করলে ওই অতিরিক্ত সময়ের জন্য পুনরায় অনুমোদন নিতে হবে।
অগ্রিম অর্থ বরাদ্দের ক্ষেত্রে অর্থ বিভাগের সর্বশেষ জারি করা নির্দেশনা অনুসরণ করতে হবে। অগ্রিম অর্থ নিয়ে ভ্রমণ করলে ভ্রমণ শেষ হওয়ার এক মাসের মধ্যে অগ্রিম সমন্বয় বিল দাখিল করতে হবে। আগের ভ্রমণের অগ্রিম বিল সমন্বয় করা না হলে পরবর্তী ভ্রমণের জন্য অর্থ বরাদ্দ দেওয়া হবে না।
নথি ব্যবস্থাপনা ও অর্থ ছাড়ের সুবিধার্থে প্রয়োজনীয় সময় হাতে রেখে অগ্রিম অর্থ বরাদ্দের বিল দাখিল করার নির্দেশনাও দেওয়া হয়েছে। এ ছাড়া মূল কপিসহ বিলের মোট তিন সেট জমা দিতে হবে। বিলের সব ফটোকপি যথাযথভাবে সত্যায়িত হতে হবে।

আরও পড়ুন:

ChannelNRB Footer