হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল প্রতীক্ষিত তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করতে যাচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।
বিমানমন্ত্রী জানান, ১৬ ডিসেম্বর সীমিত পরিসরে টার্মিনালটির কার্যক্রম শুরু হবে। প্রথম দিন থার্ড টার্মিনাল ব্যবহার করে ২০টি উড়োজাহাজ চলাচল করবে। তবে পুরোপুরি কার্যক্রমে যেতে আরও ৫ থেকে ৬ মাস সময় লাগতে পারে।
থার্ড টার্মিনাল পরিচালনা থেকে অর্জিত আয়ের ২৭ শতাংশ বাংলাদেশ পাবে বলে জানিয়েছেন বিমানমন্ত্রী। একই সঙ্গে টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমের ৫০ শতাংশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করবে।
মন্ত্রী বলেন, নতুন টার্মিনালের আধুনিক অবকাঠামো ও উন্নত যাত্রীসেবা দেশের বিমান চলাচল খাতে নতুন মাত্রা যোগ করবে। পাশাপাশি এর মাধ্যমে বিদেশি বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।
যাত্রীসেবার মান নিশ্চিত করতে বিমান অবতরণের পর দ্রুত লাগেজ সরবরাহের ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। বিমান অবতরণের ১৫ মিনিটের মধ্যে যাত্রীর হাতে লাগেজ পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান বিমানমন্ত্রী। নির্ধারিত সময়ে সেবা দিতে ব্যর্থ হলে সিভিল এভিয়েশনের পক্ষ থেকে জরিমানার ব্যবস্থাও থাকবে।
শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণের প্রকল্প নেওয়া হয় ২০১৭ সালে। প্রায় ২১ হাজার ৩৯৮ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে ২০১৯ সালের ২৮ ডিসেম্বর এর নির্মাণকাজ শুরু হয়। প্রকল্পের অর্থায়নে বাংলাদেশ সরকারের পাশাপাশি জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকা ঋণ দিয়েছে।
আরও পড়ুন:







