News Ticker
221.png

পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৯ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:৫৭

শেয়ার

শেয়ার

পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
ছবি: সংগৃহীত

পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশ দিয়েছেন তিনি।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত পরিবেশ দূষণ নিয়ন্ত্রণবিষয়ক পর্যালোচনা সভায় এসব নির্দেশনা দেওয়া হয়। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গাজী শাহরিয়ার পামির সভার বিষয়টি জানান। 

সভায় পরিবেশ দূষণের অন্যতম গুরুত্বপূর্ণ কারণ হিসেবে পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার নিয়ে আলোচনা হয়। নিষিদ্ধ ও ক্ষতিকর পলিথিনের ব্যবহার বন্ধে আইন প্রয়োগ আরও জোরদার করার ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিষিদ্ধ পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার বন্ধে আরও কার্যকর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী একই সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোকে তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশ দেন।

পর্যালোচনা সভায় পরিবেশ দূষণের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এর মধ্যে বায়ু, পানি, মাটি ও শব্দদূষণ নিয়ন্ত্রণের বিষয়টি বিশেষ গুরুত্ব পায়।

দেশের বিভিন্ন এলাকায় দূষণের উৎস চিহ্নিত করে তা নিয়ন্ত্রণে সরকারি উদ্যোগের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। একই সঙ্গে পরিবেশ রক্ষায় ভবিষ্যতে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়েও আলোচনা হয়।

সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার চলমান কার্যক্রম আরও কার্যকর করার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। 

নির্মাণ খাতে পরিবেশের ওপর চাপ কমাতে পরিবেশবান্ধব ব্লক ইটের ব্যবহার বাড়ানোর বিষয়টি সভায় গুরুত্ব পায়।

প্রচলিত নির্মাণসামগ্রীর পরিবর্তে পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারের মাধ্যমে দূষণ কমানোর পাশাপাশি টেকসই নির্মাণব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়।

পরিবেশবান্ধব ব্লক ইটের ব্যবহার বাড়াতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর কার্যক্রম আরও জোরদার করার প্রয়োজনীয়তার বিষয়টিও উঠে আসে। 

সভায় সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক) ড. সাইমুম পারভেজ সভায় উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:

ChannelNRB Footer