News Ticker
221.png

বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৯ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:১৯

আপডেট: ৯ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:৩৪

শেয়ার

শেয়ার

বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান
ছবি: সংগৃহীত

বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেওয়ার কথা জানিয়েছে ওমান। এর মধ্যে ৫ হাজার কৃষক এবং ৫ হাজার মৎস্যজীবী রয়েছেন। এ বিষয়ে দুই দেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। 

বুধবার (৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ওমানের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

শামা ওবায়েদ ইসলাম জানান, ওমানের কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে বাংলাদেশের সরকারের এ বিষয়ে আলোচনা হয়েছে। ওমানের একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফর করে বিষয়টি নিয়ে আলোচনা করেছে।

তিনি বলেন, আলোচনার ভিত্তিতে ওমান বাংলাদেশ থেকে ৫ হাজার কৃষক ও ৫ হাজার মৎস্যজীবী নেওয়ার কথা জানিয়েছে। সব মিলিয়ে কর্মীর সংখ্যা দাঁড়াচ্ছে ১০ হাজার। এ বিষয়ে একটি চুক্তিও স্বাক্ষর হয়েছে বলে জানান তিনি। 

কর্মী নেওয়ার প্রক্রিয়া এগিয়ে নিতে আগামী মাসে ওমানের একটি প্রতিনিধিদল বাংলাদেশে আসবে। এরপর বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে নিয়োগের বিষয়গুলো চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। 

তবে এখন পর্যন্ত ১০ হাজার কর্মীর জন্য আবেদনের তারিখ, বয়সসীমা, বেতন, কর্মস্থল, নিয়োগ ব্যয়, প্রয়োজনীয় যোগ্যতা এবং বাংলাদেশ থেকে আবেদন করার নির্দিষ্ট পদ্ধতি আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

এর আগে আগস্টে ওমান বাংলাদেশি কৃষি শ্রমিক নেওয়ার জন্য একটি অনুমোদিত কর্মসূচির আওতায় ভিসা আবেদন গ্রহণ শুরু করে। ওমানের কৃষি মন্ত্রণালয় ও রয়্যাল ওমান পুলিশের অনুমোদনের ভিত্তিতে দেশটির নিবন্ধিত কৃষকরা বাংলাদেশি কৃষি শ্রমিক নিয়োগের জন্য আবেদন করতে পারেন বলে ওমানের Oman Observer জানিয়েছিল। 

ওই কর্মসূচিতে অনুমোদিত ৫ হাজার বাংলাদেশি কৃষি শ্রমিকের কোটা ওমানজুড়ে নিবন্ধিত কৃষি অ্যাসোসিয়েশনের সদস্যদের জন্য নির্ধারিত ছিল। আবেদন গ্রহণের সময়সীমা ছিল ৯ থেকে ২০ আগস্ট ২০২৬।

বাংলাদেশি কর্মীদের জন্য ওমানের শ্রমবাজার আরও উন্মুক্ত করার বিষয়েও দুই দেশের মধ্যে আলোচনা চলছে। বুধবার ওমানের রাজপরিবারের সদস্য আল সাইয়্যিদ মোহাম্মদ সালিম আলী আল সাইদের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠকে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদারের পাশাপাশি বাংলাদেশিদের জন্য ওমানের শ্রমবাজার উন্মুক্ত করার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন, বাংলাদেশিদের জন্য ওমানের ভিসা নিয়মিত করার বিষয়েও সরকার কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে।

আরও পড়ুন:

ChannelNRB Footer