কুমিল্লার শিশু ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যার দ্রুত বিচারে পুলিশ সর্বোচ্চ সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার (২০ সেপ্টেম্বর) সচিবালয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কুমিল্লার এই মর্মান্তিক ঘটনায় সারাদেশের মানুষ মর্মাহত। তবে ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে পুলিশ লাশ উদ্ধার এবং ১২ ঘণ্টার মধ্যে সন্দেহভাজন চারজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। গ্রেপ্তারকৃতরা আদালতে অপরাধ স্বীকার করেছে। তারা মূলত কিশোর অপরাধী এবং ভিকটিমের পরিচিত ছিল। পুলিশ ইতোমধ্যে ঘটনার সমস্ত গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করেছে।
পুলিশ ও সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বাড়ি থেকে বের হয় অপ্রতিম। এরপর সে আর বাড়ি ফেরেনি। পরিবারের পক্ষ থেকে নিখোঁজের বিষয়টি থানায় জানানো হয় এবং তার সন্ধানে অভিযান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী।
প্রায় ২১ ঘণ্টা পর শনিবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়-সংলগ্ন লালমাই পাহাড়ের একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় তুহিন, আনাস ও ফাহিম নামে কয়েকজনকে হেফাজতে নেওয়ার কথা বিভিন্ন প্রতিবেদনে এসেছে।
অপ্রতিম ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে। তার মরদেহ উদ্ধারের পর বিশ্ববিদ্যালয় ও স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে আসে। রোববার সকালে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয় এবং পরে কোটবাড়ির গন্ধমতিতে তাকে দাফন করা হয়।
আরও পড়ুন:







