News Ticker
221.png

ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের শুভেচ্ছা বিনিময়

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০৮

আপডেট: ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৪১

শেয়ার

শেয়ার

ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের শুভেচ্ছা বিনিময়
ছবি: সংগৃহীত

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শুভেচ্ছা ও ব্যক্তিগত মতবিনিময় করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান।

স্থানীয় সময় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের অধিবেশনের ফাঁকে তাঁদের এ সাক্ষাৎ হয়। বুধবার (২৩ সেপ্টেম্বর) ড. খলিলুর রহমানের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টের মাধ্যমে বিষয়টি প্রকাশ্যে আসে।

সাক্ষাতের একটি ছবি শেয়ার করে ড. খলিলুর রহমান লেখেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ব্যক্তিগত মতবিনিময়।’ তবে তাঁদের মধ্যে কী বিষয়ে আলোচনা হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য তিনি প্রকাশ করেননি। 

বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, সাধারণ পরিষদের অধিবেশনে ট্রাম্পের ভাষণ দেওয়ার পর এ মতবিনিময় হয়। এ সময় দুই নেতা পরস্পরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। কয়েকটি প্রতিবেদনে আরও বলা হয়েছে, ট্রাম্প খলিলুর রহমানকে ধন্যবাদ জানান। তবে সাক্ষাতের আলোচ্যসূচি বা কোনো সিদ্ধান্তের বিষয়ে আনুষ্ঠানিক বিস্তারিত বিবরণ প্রকাশ করা হয়নি। 

ড. খলিলুর রহমান বর্তমানে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী, তিনি ২ জুন ২০২৬ এই পদে নির্বাচিত হন এবং ৮ সেপ্টেম্বর থেকে তাঁর এক বছরের মেয়াদ শুরু হয়।

অধিবেশনের শুরুতে দেওয়া বক্তব্যে খলিলুর রহমান বহুপক্ষীয় সহযোগিতা, সংলাপ এবং জাতিসংঘ সংস্কারের ওপর গুরুত্বারোপ করেন। তাঁর বক্তব্যে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সদস্যরাষ্ট্রগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও উঠে আসে।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক ২২ সেপ্টেম্বর শুরু হয়েছে। এতে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং অন্যান্য শীর্ষ পর্যায়ের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। একই দিনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সাধারণ পরিষদে ভাষণ দেন। 

এই অধিবেশনকে কেন্দ্র করে নিউইয়র্কে বিভিন্ন দেশের নেতাদের মধ্যে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বৈঠক এবং মতবিনিময় চলছে। এরই ধারাবাহিকতায় ট্রাম্প ও খলিলুর রহমানের এ ব্যক্তিগত মতবিনিময় অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন:

ChannelNRB Footer