রাজধানী ঢাকার যত্রতত্র সড়ক ও ফুটপাত দখল করে হকার বসতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। নির্ধারিত ও অনুমোদিত স্থানের বাইরে হকার বসলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
সোমবার (৫ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের ফুটপাত দখলমুক্ত করতে পরিচালিত উচ্ছেদ অভিযান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিএসসিসি প্রশাসক এসব কথা বলেন। একই সময়ে উচ্ছেদ করা এলাকায় সৌন্দর্যবর্ধন কার্যক্রমেরও উদ্বোধন করা হয়।
আবদুস সালাম বলেন, উচ্ছেদ করার পর কোনো হকার বা ব্যবসায়ী যদি পুনরায় সড়ক কিংবা ফুটপাত দখলের চেষ্টা করেন, তাহলে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে সংশ্লিষ্টদের মালামাল জব্দ বা ক্রোক করা হবে এবং সিটি করপোরেশনের পক্ষ থেকে মামলা করা হবে।
তিনি বলেন, নগরবাসীর স্বাভাবিক ও স্বস্তিদায়ক চলাচল নিশ্চিত করতে ফুটপাত দখলমুক্ত রাখা জরুরি। এ কারণে অবৈধভাবে ফুটপাত দখল করে দোকান বা স্থাপনা গড়ে তোলার সুযোগ দেওয়া হবে না।
এর আগে গত ১ অক্টোবরও ডিএসসিসি প্রশাসক জানিয়েছিলেন, সিটি করপোরেশনের নির্ধারিত ও অনুমোদিত স্থান ছাড়া ঢাকার কোনো সড়ক বা ফুটপাতে হকার বসতে দেওয়া হবে না। তিনি আরও বলেন, হকারদের নির্দিষ্ট স্থানে বসার ব্যবস্থা করা হলেও এর বাইরে ব্যবসা পরিচালনা করলে মালামাল জব্দের পাশাপাশি মামলা করা হবে।
ডিএসসিসি প্রশাসক বলেন, রাজধানীকে পরিচ্ছন্ন, সুন্দর ও আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে নগর কর্তৃপক্ষ কাজ করছে। ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি উচ্ছেদ করা স্থানগুলোতে সৌন্দর্যবর্ধন কার্যক্রমও চালানো হবে।
আরও পড়ুন:







