দেশের আটটি বিভাগীয় সদরে দ্রুত ডিজিটাল ফরেনসিক পরীক্ষাগার স্থাপন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। একই সঙ্গে সাইবার অপরাধ শনাক্তকরণ, ডিজিটাল আলামত বিশ্লেষণ এবং অপরাধ তদন্তে কেন্দ্র থেকে জেলা ও উপজেলা পর্যায় পর্যন্ত পুলিশের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় চট্টগ্রাম মহানগর পুলিশ লাইন্সের দামপাড়ায় সাইবার পুলিশ কেন্দ্র ও ডিজিটাল ফরেনসিক পরীক্ষাগারের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আধুনিক প্রযুক্তির প্রসারের সঙ্গে অপরাধের ধরনও পরিবর্তিত হচ্ছে। সাইবার স্পেস ব্যবহার করে প্রতারণা, আর্থিক অপরাধ এবং শেয়ারবাজারে কারসাজির মতো ঘটনা ঘটছে। এসব অপরাধ শনাক্ত ও দমনে ডিজিটাল ফরেনসিক পরীক্ষাগারের গুরুত্ব অপরিসীম।
তিনি জানান, দেশের আটটি বিভাগীয় সদরে দ্রুত এ ধরনের পরীক্ষাগার স্থাপনের পরিকল্পনা রয়েছে। এ জন্য আন্তর্জাতিক সহযোগিতাও চাওয়া হয়েছে। প্রযুক্তিনির্ভর অপরাধ মোকাবিলায় পুলিশকে আধুনিক সরঞ্জাম, পরীক্ষাগার এবং প্রয়োজনীয় কারিগরি সক্ষমতায় প্রস্তুত করা হবে।
চট্টগ্রামের দামপাড়ায় উদ্বোধন করা সাইবার পুলিশ কেন্দ্র ও ডিজিটাল ফরেনসিক পরীক্ষাগারটি দক্ষিণ কোরিয়া সরকারের আর্থিক ও কারিগরি সহযোগিতায় নির্মিত হয়েছে। এ কাজে সহায়তা দিয়েছে কোরিয়া আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা—কোইকা (KOICA)।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিশেষায়িত পুলিশ সাইবার ইউনিট প্রতিষ্ঠার পরিকল্পনা থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে। গত ১ অক্টোবর থেকে একজন অতিরিক্ত মহাপরিদর্শকের নেতৃত্বে ইউনিটটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে।
নতুন ডিজিটাল ফরেনসিক পরীক্ষাগারটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) পরিচালনা করবে। তবে ডিজিটাল আলামত পরীক্ষা ও বিশ্লেষণের ক্ষেত্রে পুলিশের বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয় রাখা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিচারপ্রক্রিয়ায় দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করতে বৈজ্ঞানিক বিশ্লেষণ, নির্ভরযোগ্য সাক্ষ্যপ্রমাণ এবং ডিজিটাল আলামতের যথাযথ পরীক্ষা প্রয়োজন। অপরাধের ধরন পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে তদন্তব্যবস্থাকেও আধুনিক করতে হবে।
ডিজিটাল ফরেনসিক পরীক্ষার মাধ্যমে বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস ও ডিজিটাল মাধ্যম থেকে পাওয়া আলামত বিশ্লেষণ করে তদন্তে সহায়ক তথ্য সংগ্রহ করা সম্ভব। এতে সাইবার প্রতারণা, অনলাইন জালিয়াতি এবং প্রযুক্তি ব্যবহার করে সংঘটিত অন্যান্য অপরাধের তদন্তে সহায়তা মিলবে।
আরও পড়ুন:







