মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। এ বিষয়ে মঙ্গলবার (২০ অক্টোবর) প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এর মধ্য দিয়ে প্রতিমন্ত্রীর পদ থেকে তাঁর পদত্যাগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন। তাঁর পদত্যাগ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এর আগে সোমবার (১৯ অক্টোবর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। পরে তিনি লিখিত পদত্যাগপত্র জমা দেন। নিয়ম অনুযায়ী, পদত্যাগপত্রটি প্রধানমন্ত্রীর মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়।
রাজধানীর গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানকে কেন্দ্র করে সৃষ্ট বিতর্কের মধ্যে তাঁর পদত্যাগের সিদ্ধান্ত আসে। ওই অভিযানে আগ্নেয়াস্ত্র প্রদর্শনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়।
সংবাদ সম্মেলনে ইশরাক হোসেন দাবি করেন, আত্মরক্ষার স্বার্থেই তিনি সাময়িকভাবে অস্ত্র হাতে নিয়েছিলেন এবং কোনো আইন লঙ্ঘন করেননি। তবে দলের ভাবমূর্তি ও সম্মান রক্ষার স্বার্থে প্রতিমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।
মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপন জারির মধ্য দিয়ে তাঁর পদত্যাগের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হলো। প্রতিমন্ত্রীর পদে না থাকলেও মাদকের বিরুদ্ধে কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন ইশরাক হোসেন।
আরও পড়ুন:







