News Ticker
221.png

চিকিৎসা শেষে ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন মির্জা আব্বাস

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩০ আগস্ট, ২০২৬ ১৩:৪৬

শেয়ার

শেয়ার

চিকিৎসা শেষে ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন মির্জা আব্বাস
ছবি: সংগৃহীত

দীর্ঘদিন বিদেশে চিকিৎসা শেষে আগামী ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস। বুধবার রাত ৯টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

রোববার (৩০ আগস্ট) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান মির্জা আব্বাসের দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন। 

চলতি বছরের মার্চে অসুস্থ হয়ে পড়ার পর মির্জা আব্বাসকে প্রথমে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসা শেষে পরবর্তী সময়ে তিনি মালয়েশিয়ায় চিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে ছিলেন। প্রায় পাঁচ মাস বিদেশে চিকিৎসা নেওয়ার পর তিনি দেশে ফিরছেন।

বিএনপি সূত্র জানিয়েছে, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বর্তমানে মির্জা আব্বাসের শারীরিক অবস্থার যথেষ্ট উন্নতি হয়েছে। তিনি আগের তুলনায় অনেকটাই সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন শায়রুল কবির খান।

বিএনপির মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, ২ সেপ্টেম্বর রাত ৯টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মির্জা আব্বাসের ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। দীর্ঘ চিকিৎসা শেষে তার দেশে ফেরাকে ঘিরে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। 

মির্জা আব্বাস বিএনপির স্থায়ী কমিটির অন্যতম গুরুত্বপূর্ণ নেতা। ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা-৮ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচিত হন। নির্বাচনে তিনি ৫৯ হাজার ৩৬৬ ভোট পেয়ে জয়ী হন; তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) প্রার্থী মোহাম্মদ নাসীর উদ্দিন পাটওয়ারী পান ৫৪ হাজার ১২৭ ভোট। 

দীর্ঘ চিকিৎসার কারণে দেশের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকা মির্জা আব্বাস দেশে ফেরার পর দলীয় ও সংসদীয় কার্যক্রমে কীভাবে যুক্ত হন, সেদিকেও নজর থাকবে রাজনৈতিক মহলের।

আরও পড়ুন:

ChannelNRB Footer