ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তাঁর প্রার্থিতা বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের যুগ্ম সচিব মঈন উদ্দিন খান।
এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণার মধ্য দিয়ে সংরক্ষিত নারী আসনটির উপনির্বাচনে তাঁর প্রার্থিতা নিশ্চিত হলো। তিনি একক প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ায় নির্ধারিত নির্বাচনী প্রক্রিয়া শেষে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচনে দলীয় ও জোটের প্রার্থী হিসেবে এলিজা জামানকে মনোনয়ন দেয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। গত ২২ অক্টোবর দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তাঁর মনোনয়নের বিষয়টি জানানো হয়।
এরপর সোমবার (২৬ অক্টোবর) নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি। মঙ্গলবার যাচাই-বাছাই শেষে তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
এলিজা জামান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য। পাশাপাশি তিনি পিরোজপুর জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন।
এর আগে গত ১ অক্টোবর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করায় আসনটি শূন্য হয়। পরবর্তী সময়ে শূন্য আসনে উপনির্বাচনের জন্য তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ওই নির্বাচনে বিএনপির পক্ষ থেকে এলিজা জামানকে প্রার্থী করা হয়।
আরও পড়ুন:







