News Ticker
সর্বশেষ
অর্থসংকটে থমকে যাওয়া চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণে ফাতেমার পাশে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান অবকাঠামো, বর্জ্য ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানিতে চীনের অভিজ্ঞতা কাজে লাগাতে চায়: স্থানীয় সরকার মন্ত্রী সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা প্যাক্টে বাংলাদেশকে যুক্ত করার প্রস্তাব এলে সরকার তা ইতিবাচকভাবে বিবেচনা করবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ৮ হাজার মুসলমান হত্যার নেতৃত্ব দেওয়া ‘বসনিয়ার কসাই’ রাটকোর মৃত্যু সালমান শাহ হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে ডন বাংলাদেশ-চীন নবায়নযোগ্য জ্বালানি উন্নয়নে একযোগে কাজ করছে: চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন রিয়াদে অগ্নিকাণ্ডে নিহত ৯ প্রবাসীর মরদেহ দেশে পৌঁছেছে নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৩৩২
221.png

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯ আগস্ট, ২০২৬ ১৪:১৪

শেয়ার

শেয়ার

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে মাছুম আহমদ (৪০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) ভোররাতে নিউহ্যামের সেন্ট বার্থোলোমিউস রোড এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত মাছুম আহমদ সিলেটের বিশ্বনাথ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব কারিকোনা গ্রামের বাসিন্দা।

পুলিশের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় ভোর প্রায় ৩টার দিকে সেন্ট বার্থোলোমিউস রোডে গুলির শব্দের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। একই সঙ্গে লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস ও এয়ার অ্যাম্বুলেন্সের সদস্যরাও সেখানে উপস্থিত হন। ঘটনাস্থলে একটি গাড়ির ভেতর মাছুমকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়।

পুলিশ ও চিকিৎসাকর্মীরা তাকে বাঁচানোর চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তার পরিবারকে মৃত্যুর খবর জানানো হয়। পরিবারের সদস্যদের সহায়তা দিতে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়োগ করা হয়েছে।

মাছুমকে কেন গুলি করে হত্যা করা হয়েছে, কিংবা হত্যাকাণ্ডটি পূর্বপরিকল্পিত বা লক্ষ্য করে চালানো হয়েছিল কি না—এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য প্রকাশ করেনি লন্ডনের মেট্রোপলিটন পুলিশ।

তদন্তকারীরা ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ, ভিডিও ডোরবেল এবং অন্যান্য সম্ভাব্য তথ্য-প্রমাণ সংগ্রহ করছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

তদন্তের নেতৃত্ব দিচ্ছেন ডিটেকটিভ চিফ ইন্সপেক্টর ড্যান হুইটেন। তিনি নিহতের পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়ে ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে তদন্তকারীরা কাজ করছেন বলে জানিয়েছেন।

মাছুম আহমদের মৃত্যুর খবর মঙ্গলবার সকালে তার গ্রামের বাড়ি সিলেটের বিশ্বনাথে পৌঁছালে স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। তার বাবা আমির আলী যুক্তরাজ্যে থাকা আরেক ছেলে মারুফ আহমদের কাছ থেকে ছেলের মৃত্যুর খবর পান।

পরিবার সূত্রে জানা গেছে, মাছুম বিবাহিত ছিলেন এবং তার একটি কন্যাসন্তান রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে বসবাস করছিলেন। মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার সময় ওই এলাকায় থাকা কোনো প্রত্যক্ষদর্শী যদি কিছু দেখে থাকেন অথবা কারও কাছে ঘটনার ভিডিও, ড্যাশক্যাম ফুটেজ বা সংশ্লিষ্ট কোনো তথ্য থাকে, তাহলে তদন্তকারীদের সঙ্গে যোগাযোগ করতে হবে।

তথ্য দিতে CAD 797/18AUG রেফারেন্স উল্লেখ করে যুক্তরাজ্যের 101 নম্বরে পুলিশের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে। পরিচয় গোপন রেখে তথ্য দিতে চাইলে ক্রাইমস্টপার্সের মাধ্যমেও জানানো যাবে।

মাছুম আহমদের মৃত্যুতে পূর্ব লন্ডনের বাংলাদেশি কমিউনিটি এবং সিলেটের বিশ্বনাথে শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে। তবে হত্যাকাণ্ডের পেছনে কী কারণ ছিল এবং কারা এ ঘটনায় জড়িত, তা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

ChannelNRB Footer