News Ticker
221.png

মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কাজ করছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৬ আগস্ট, ২০২৬ ১৪:৫৮

আপডেট: ২৬ আগস্ট, ২০২৬ ১৫:০০

শেয়ার

শেয়ার

মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কাজ করছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
ছবি: সংগৃহীত
বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের মাঝে হুইল চেয়ার, ছাত্রীদের মাঝে বাইসাইকেল এবং শিক্ষার্থীদের মাঝে ফলজ, ঔষধী ও বনজ বৃক্ষ বিতরণ এবং নতুন কুঁড়ি চ্যাম্পিয়নদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে। সরকারের জনকল্যাণমূলক কর্মসূচির অংশ হিসেবে এসব সামগ্রী বিতরণ করা হয়।
বুধবার (২৬ আগস্ট) সকাল ১১টায় শিবগঞ্জ উপজেলা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সামগ্রী বিতরণ করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার একটি মানবিক, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করছে। রাষ্ট্রের উন্নয়নের সুফল যেন সমাজের প্রান্তিক মানুষ, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি এবং শিক্ষার্থীরা সমানভাবে পায়-সরকার সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, একজন শিক্ষার্থীর হাতে একটি বাইসাইকেল পৌঁছে দেওয়া শুধু একটি বাহন দেওয়া নয়; এটি তার শিক্ষাজীবনকে আরও সহজ ও গতিশীল করার উদ্যোগ। একইভাবে বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের হাতে হুইল চেয়ার তুলে দেওয়া তাদের চলাচলের স্বাধীনতা ও মর্যাদা নিশ্চিত করার একটি মানবিক দায়িত্ব।
মীর শাহে আলম বলেন, সরকার শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশ গড়বে। তাই তাদের পড়াশোনার পাশাপাশি পরিবেশের প্রতি দায়িত্বশীল করে গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, সরকার উন্নয়নের পাশাপাশি মানুষের জীবনমানের উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। সমাজের কোনো মানুষ যেন নিজেকে অবহেলিত মনে না করেন, সে জন্য রাষ্ট্রের সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ১৫ টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের হাতে ছাত্রীদের জন্য স্যানিটারী ন্যাপকিন তুলে দেন প্রতিমন্ত্রী। সেইসাথে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও আর্থিক সহায়তা বিতরন করা হয়।
ChannelNRB Footer