২০১৮ সালে ফ্রান্সের বিশ্বকাপজয়ী দলের সদস্য বেনজামিন মেন্ডি নিজের বিশ্বকাপজয়ী স্মারক ট্রফি নিলামে বিক্রি করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন। সাবেক এই ফরাসি ডিফেন্ডারের ট্রফিটি সম্প্রতি একটি আন্তর্জাতিক নিলামে ৫৪ হাজার ইউরো (প্রায় ৬৩ হাজার মার্কিন ডলার) দামে বিক্রি হয়েছে।
নিলাম সংস্থার তথ্য অনুযায়ী, বিক্রি হওয়া ট্রফিটি ফিফার মূল বিশ্বকাপ ট্রফি নয়; এটি ২০১৮ সালে বিশ্বকাপজয়ী খেলোয়াড়দের দেওয়া আনুষ্ঠানিক স্মারক ট্রফি। ট্রফিটির সঙ্গে মেন্ডির স্বাক্ষরিত সত্যতা সনদও ক্রেতার কাছে হস্তান্তর করা হয়েছে।
ট্রফি বিক্রির খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেক ফুটবলপ্রেমী মনে করছেন, বিশ্বকাপজয়ী স্মারক বিক্রি করা জাতীয় গৌরবের প্রতীককে অবমূল্যায়ন করার শামিল। আবার কেউ কেউ বলছেন, ব্যক্তিগত সম্পত্তি হিসেবে ট্রফি বিক্রির অধিকার মেন্ডির রয়েছে এবং তার আর্থিক পরিস্থিতিও বিবেচনায় নেওয়া উচিত।
মেন্ডির ঘনিষ্ঠ সূত্রগুলোর বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, আইনি লড়াই এবং দীর্ঘ সময় মাঠের বাইরে থাকার কারণে তিনি বড় ধরনের আর্থিক সংকটে পড়েছেন। ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগ থেকে আদালতে খালাস পেলেও সেই সময়ে তার পেশাদার ক্যারিয়ার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীতে তিনি সাবেক ক্লাবের বিরুদ্ধে বেতনসংক্রান্ত মামলায় জয় পেলেও আর্থিক চাপ পুরোপুরি কাটিয়ে উঠতে পারেননি।
প্রতিবেদন অনুযায়ী, আর্থিক সংকট মোকাবিলায় মেন্ডি এর আগেও নিজের বিলাসবহুল বাড়ি, গাড়ি এবং দামি ঘড়িসহ বেশ কয়েকটি সম্পদ বিক্রি করেছেন। বর্তমানে তিনি পোল্যান্ডের ক্লাব পোগোন শেচিন-এ খেলছেন এবং আগের তুলনায় অনেক কম আয় করছেন।
আরও পড়ুন:







