ফুটবল কিংবদন্তি জিনেদিন জিদানকে ঘিরে সমর্থকদের উন্মাদনা যে কতটা তীব্র, তার প্রমাণ মিলেছে ফ্রান্স জাতীয় দলের কোচ হিসেবে তার প্রথম ঘরের মাঠের ম্যাচকে ঘিরে। জিদানের অভিষেক ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গেছে মাত্র এক দিনেরও কম সময়ে।
আগামী ২ অক্টোবর উয়েফা নেশনস লিগে ইতালির বিপক্ষে মাঠে নামবে ফ্রান্স। প্যারিসের ঐতিহাসিক স্তাদ দ্য ফ্রান্স স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। প্রায় ৮০ হাজার দর্শক ধারণক্ষমতার এই স্টেডিয়ামে জিদানের প্রথম ম্যাচ দেখতে এরই মধ্যে সব টিকিট শেষ হয়ে গেছে বলে জানিয়েছে ফরাসি ফুটবল কর্তৃপক্ষ।
দীর্ঘ ১৪ বছর ফ্রান্স জাতীয় দলের দায়িত্ব পালনের পর দিদিয়ের দেশম সরে দাঁড়ালে নতুন কোচ হিসেবে দায়িত্ব পান জিদান। খেলোয়াড় হিসেবে বিশ্বকাপজয়ী এই তারকার কোচিং অধ্যায় নিয়ে ফরাসি সমর্থকদের প্রত্যাশাও এখন আকাশচুম্বী। অনেকেই মনে করছেন, জিদানের অভিজ্ঞতা ও নেতৃত্বে ফ্রান্স আবারও বড় সাফল্যের পথে এগিয়ে যেতে পারে।
তবে ঘরের মাঠে অভিষেকের আগে জিদানের দলকে খেলতে হবে দুটি অ্যাওয়ে ম্যাচ। ২৫ সেপ্টেম্বর নেশনস লিগে তুরস্কের বিপক্ষে মাঠে নামবে ফ্রান্স। এরপর ২৮ সেপ্টেম্বর বেলজিয়ামের মুখোমুখি হবে তারা।
ইতালির বিপক্ষে ম্যাচটি জিদানের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ ২০০৬ বিশ্বকাপ ফাইনালে ইতালির বিপক্ষেই খেলোয়াড় হিসেবে তার ক্যারিয়ারের শেষ ম্যাচ হয়েছিল, যা মাথায় রেখে এই লড়াই নিয়ে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে ফুটবলপ্রেমীদের মধ্যে।
শুধু ইতালির বিপক্ষে ম্যাচ নয়, ৫ অক্টোবর প্যারিসে বেলজিয়ামের বিপক্ষে ফ্রান্সের পরবর্তী ম্যাচের টিকিট নিয়েও ব্যাপক আগ্রহ দেখা গেছে। ফরাসি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সেই ম্যাচেরও বেশির ভাগ টিকিট বিক্রি হয়ে গেছে।
আরও পড়ুন:







