News Ticker
221.png

বাতিল হলো বহুল আলোচিত ‘ভিনিসিয়ুস আইন’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ আগস্ট, ২০২৬ ২০:৩২

আপডেট: ৪ আগস্ট, ২০২৬ ২০:৫০

শেয়ার

শেয়ার

বাতিল হলো বহুল আলোচিত ‘ভিনিসিয়ুস আইন’
ছবি: সংগৃহীত

স্পেনের শীর্ষ ফুটবল লিগ লা লিগায় বহুল আলোচিত ‘ভিনিসিয়ুস আইন’ (Vinicius Law) কার্যকর না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্প্যানিশ রেফারিদের টেকনিক্যাল কমিটি নতুন মৌসুমে এই বিতর্কিত নিয়ম প্রয়োগ না করার সিদ্ধান্ত নিয়েছে, ফলে এটি কার্যত বাতিল হয়ে গেছে।

‘ভিনিসিয়ুস আইন’ নামে পরিচিত প্রস্তাবিত নিয়মটি মূলত মাঠে খেলোয়াড়দের আচরণ নিয়ন্ত্রণের উদ্দেশ্যে আনা হয়েছিল। এর অধীনে কোনো খেলোয়াড় বিতর্ক বা তর্কের সময় মুখ ঢেকে অপমানজনক বা গোপন মন্তব্য করলে সরাসরি লাল কার্ড দেখানোর বিধান নিয়ে আলোচনা হয়। ২০২৬ বিশ্বকাপের সময় এই নিয়ম নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয় এবং পরে এটি অনানুষ্ঠানিকভাবে ‘ভিনিসিয়ুস আইন’ নামে পরিচিতি পায়।

স্প্যানিশ রেফারিদের টেকনিক্যাল কমিটির মতে, মুখ ঢেকে কথা বলা সব সময় অপমান বা গালি দেওয়ার উদ্দেশ্যে হয় না। অনেক খেলোয়াড় কৌশলগত আলোচনা, সেট-পিস পরিকল্পনা বা ব্যক্তিগত যোগাযোগের জন্যও মুখ ঢেকে কথা বলেন। তাই শুধু এই আচরণের ভিত্তিতে সরাসরি লাল কার্ড দেওয়া অন্যায্য হতে পারে।

এ কারণেই কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে নতুন মৌসুমে এই নিয়ম কার্যকর করা হবে না। একই সঙ্গে তারা সময়ক্ষেপণ রোধে গোলরক্ষকদের অভিনয় বা অতিরঞ্জিত আচরণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, লা লিগার এই সিদ্ধান্ত ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফার অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। উয়েফাও এই ধরনের নিয়ম বাস্তবায়নের ক্ষেত্রে সতর্ক অবস্থান নিয়েছে এবং বিষয়টি নিয়ে আরও পর্যালোচনার পক্ষে মত দিয়েছে।

সূত্র: গোল 

ChannelNRB Footer